শাহজালাল বিমানবন্দরে সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস লাউঞ্জ চালু
ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিটি ব্যাংক লিমিটেড ও আমেরিকান এক্সপ্রেস একটি আন্তর্জাতিক মানের লাউঞ্জ চালু করেছে। এটির নাম দেওয়া হয়েছে ‘সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস লাউঞ্জ’।বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মেহেদী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গত মঙ্গলবার সন্ধ্যায় এই লাউঞ্জের উদ্বোধন করেন। এ সময় আমেরিকান এক্সপ্রেসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও এশিয়া-প্যাসিফিক-অস্ট্রেলিয়া অঞ্চলের প্রধান কুলা কুলেন্দ্রন এবং ভাইস প্রেসিডেন্ট ও আঞ্চলিক প্রতিনিধি চেং হেং চিউ উপস্থিত ছিলেন। এ ছাড়া সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কে মাহমুদ সাত্তার, পরিচালকেরা এবং সিভিল এভিয়েশন ও ঢাকা শেরাটন হোটেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস লাউঞ্জে খাদ্য ও পানীয় থেকে শুরু করে ইন্টারনেট ব্যবহারের জন্য ওয়াই-ফাই, আমেরিকান এক্সপ্রেস কার্ড সার্ভিস ডেস্ক প্রভৃতি সুবিধা থাকবে, যা সিটি ব্যাংকের ইস্যু করা আমেরিকান এক্সপ্রেস গোল্ড ক্রেডিটকার্ডের গ্রাহকদের জন্য প্রযোজ্য। লাউঞ্জটির ব্যবস্থাপনায় রয়েছে ঢাকা শেরাটন হোটেল। লাউঞ্জটির উদ্বোধন উপলক্ষে এর আগে ঢাকা শেরাটন হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সিটি ব্যাংক ও আমেরিকান এক্সপ্রেসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।