শাহজালাল ব্যাংকের পরিচালক সোলায়মান সাত দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৪০ কোটি টাকা ঋণ কেলেঙ্কারির অভিযোগে করা মামলায় শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও পরিচালক মোহাম্মদ সোলায়মানের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম মশিউর রহমান শুনানি শেষে এ আদেশ দেন।

দুদকের আইনজীবী মাহমুদুল হক প্রথম আলোকে বলেন, নগরের কোতোয়ালি থানায় দুদকের করা শাহজালাল ইসলামী ব্যাংকের ১৪০ কোটি টাকা ঋণ কেলেঙ্কারির মামলায় ব্যাংকের সাবেক পরিচালক সোলায়মানকে জিজ্ঞাসাবাদ করতে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদক ঢাকা কার্যালয়ের সহকারী পরিচালক রফিকুল ইসলাম। টাকাগুলো কীভাবে আত্মসাত্ করা হয়েছে এবং কোথায় রাখা হয়েছে, তা জানতে তদন্ত কর্মকর্তা রিমান্ডের আবেদন করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা তাঁকে নির্দোষ দাবি করে রিমান্ড বাতিল এবং জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং জামিন আবেদন নাকচ করে দেন।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মুহাম্মদ রেজাউল মাসুদ জানান, রিমান্ড শুনানি শেষে সোলায়মানকে আদালত থেকে নিয়ে যাওয়ার সময় তাঁর সমর্থকদের সঙ্গে সাংবাদিকদের হাতাহাতি হয়। পরে পুলিশ গেলে পরিস্থিতি শান্ত হয়।

আহত চ্যালেন টুয়েন্টিফোরের ক্যামেরাপারসন শফিক আহমেদ সজীব প্রথম আলোকে বলেন, ছবি তুলতে গেলে সোলায়মানের লোকজন আমাদের ওপর হামলা চালায়। হামলায় টুয়েন্টিফোরের প্রতিবেদক জামশেদুল করিম, সমকাল-এর প্রতিবেদক আহমেদ কুতুব ও ফটোসাংবাদিক মোহাম্মদ রাশেদ আহত হন।

গত ১৩ এপ্রিল নগরের কোতোয়ালি থানায় শাহজালাল ব্যাংকের চট্টগ্রাম জুবিলী রোড শাখার বর্তমান ব্যবস্থাপক রাশেদ সরওয়ার বাদী হয়ে সোলায়মানের বিরুদ্ধে মামলা করেন। ক্ষমতার অপব্যবহার করে এস কে স্টিল নামক একটি কোম্পানিকে ঋণ পাইয়ে দেওয়ার অভিযোগ সোলায়মানের বিরুদ্ধে। পরে মামলাটি দুদকের শিডিউলভুক্ত হয়। ২৫ জুন ঢাকা থেকে সোলায়মানকে গ্রেপ্তার করে দুদক। আজ তাঁকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়।