শাহজালাল সার কারখানা নির্মাণে চুক্তি সই
চীন ও বাংলাদেশের যৌথ উদ্যোগে নির্মিত হচ্ছে শাহজালাল সার কারখানা। কারখানাটি নির্মাণে ব্যয় হবে পাঁচ হাজার ৪০৯ কোটি টাকা। এর মধ্যে চীন তিন হাজার ৯৮৭ কোটি ও বাংলাদেশ এক হাজার ৪২২ কোটি টাকা ব্যয় বহন করবে।চীনের এক্সিম ব্যাংক বার্ষিক ২ শতাংশ সুদে কারখানা নির্মাণের জন্য ঋণসহায়তা দিচ্ছে। আগামী ২০ বছরের মধ্যে এই ঋণ পরিশোধ করতে হবে।অর্থায়নের বিষয়ে গতকাল রোববার রাজধানীর বিসিআইটি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে চুক্তি সই হয়। বিসিআইসির চেয়ারম্যান গোলাম রাব্বানী এবং চীন সরকারের পক্ষে চায়না ন্যাশনাল কমপ্লিট প্ল্যান্ট ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনের চেয়ারম্যান জু বাওজং, ভাইস প্রেসিডেন্ট লি ফেং উই এবং চেংদার চেয়ারম্যান কাও গোয়াং চুক্তিতে সই করেন।চুক্তি অনুযায়ী ৩৮ মাসের মধ্যে সার কারখানাটি নির্মাণ করে উৎপাদনরত অবস্থায় তা বিসিআইসির কাছে হস্তান্তর করা হবে। কারখানায় প্রতিদিন এক হাজার ৭৬০ মেট্রিক টন সার ও এক হাজার মেট্রিক টন অ্যামোনিয়া উৎপাদিত হবে।চুক্তি সই অনুষ্ঠানে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, শিল্পসচিব কে এইচ মাসুদ সিদ্দিকী, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝাং জিয়ানি প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।