শাহজালাল সার কারখানার নির্মাণকাজ এ বছরই শুরু
শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, প্রস্তাবিত শাহ্জালাল সার কারখানা নির্মাণের জন্য চীন সরকারের ৫৩ কোটি ৭০ লাখ ডলারের এক ঋণচুক্তি স্বাক্ষর আগামী সেপ্টেম্বরের মধ্যেই হতে পারে। এ ঋণচুক্তি স্বাক্ষরের পর বাংলাদেশ ও চীনের মধ্যে একটি বাণিজ্যিক চুক্তি হবে। চলতি বছরের মধ্যেই শাহ্জালাল ইউরিয়া সার কারখানা স্থাপন প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হবে।গতকাল বুধবার প্রস্তাবিত শাহ্জালাল ফার্টিলাইজার ফ্যাক্টরি নির্মাণসংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য চায়না ন্যাশনাল কমপিট প্যান্ট ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশন লিমিটেডের চেয়ারম্যান জু বাওজংয়ের নেতৃত্বে আসা প্রতিনিধিদলের সঙ্গে বৈঠককালে শিল্পমন্ত্রী এ আশাবাদ ব্যক্ত করেন।শিল্প মন্ত্রণালয়ে আয়োজিত বৈঠকে শিল্পসচিব দেওয়ান জাকির হোসাইন, বিসিআইসির চেয়ারম্যান কে এইচ মাসুদ সিদ্দিকী এবং বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।প্রস্তাবিত ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরি প্রকল্প বাস্তবায়িত হলে বার্ষিক পাঁচ লাখ ৭৭ হাজার ৫০০ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন সম্ভব হবে। এ প্রকল্প বাস্তবায়নের জন্য মোট ৭৭ কোটি ১০ লাখ ডলার ব্যয় হবে। ইতিমধ্যে চীন সরকার কাঠামোগত চুক্তির আওতায় বাংলাদেশকে ২৩ কোটি ৪০ ডলার সহজ শর্তে ঋণ দিতে সম্মত হয়েছে। অবশিষ্ট ৫৩ কোটি ৭০ লাখ ডলারও সহজ শর্তে ঋণ দেওয়ার বিষয়ে বাংলাদেশ চীন সরকারকে সম্মত করার বিষয়ে প্রচেষ্টা অব্যাহত রেখেছে।