শাহজাহান খান ঢাকা চেম্বারের নতুন সভাপতি
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) ২০১৪ সালের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ শাহজাহান খান। আর ওসামা তাসীর সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি ও খন্দকার শহীদুল ইসলাম সহসভাপতির দায়িত্ব পেয়েছেন।
ঢাকা চেম্বারের ৫২তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই তিনজনের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। গত বুধবার রাজধানীর মতিঝিলে সংগঠনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ২০১৪, ২০১৫ ও ২০১৬ মেয়াদের জন্য নতুন পরিচালক নির্বাচিত হয়েছেন সামির সাত্তার, এ কে ডি খায়ের মোহাম্মদ খান, কে জি করিম, মোক্তার হোসেন চৌধুরী ও এস রুমি সাইফুল্লাহ।
বাংলাদেশ শিপিং করপোরেশনের সাবেক মহাব্যবস্থাপক শাহজাহান খান বর্তমানে এসএস শিপিং অ্যান্ড ট্রেডিং লিমিটেড ও এসএস শিপিং অ্যান্ড চার্টারিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং এসএস বিল্ডার্স অ্যান্ড ডেভেলপার্স লিমিটেড ও ফাতেমা রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার্সের চেয়ারম্যান। বিজ্ঞপ্তি।