হিসাব কারসাজির মাধ্যমে বিনিয়োগকারীদের বিভ্রান্ত করার দায়ে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি শাহজীবাজার পাওয়ারের ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) পাঁচ পরিচালককে ৪৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে চার পরিচালককে ১০ লাখ করে ৪০ লাখ টাকা ও এমডিকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) গতকালের সভায় এ জরিমানা করা হয়। সভা শেষে বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর বাইরে কোম্পানিটির প্রধান অর্থ কর্মকর্তা বা সিএফওর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
বিএসইসি জানিয়েছে, কোম্পানিটি ২০১৪ সালের মার্চে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে অসত্য তথ্য দিয়ে শেয়ারপ্রতি আয় বা ইপিএস (দুই টাকা ৫৪ পয়সা) বাড়িয়ে দেখিয়েছে। পরবর্তীকালে বিএসইসি ওই আর্থিক প্রতিবেদন বিশেষ নিরীক্ষা করালে তাতে ইপিএস এক টাকারও বেশি কমে এক টাকা ৪৮ পয়সায় নেমে আসে।
নিয়ন্ত্রক সংস্থা বলছে, হিসাব কারসাজি করে আয় বাড়িয়ে দেখিয়ে কোম্পানিটি বিনিয়োগকারীদের বিভ্রান্ত করার মাধ্যমে সিকিউরিটিজ আইন লঙ্ঘন করেছে। এ কারণে কোম্পানির প্রত্যেক পরিচালককে ১০ লাখ ও এমডিকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।
গত এপ্রিলে শাহজীবাজার পাওয়ার প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে শেয়ারবাজার থেকে ৩১ কোটি ৭০ লাখ টাকা সংগ্রহ করে। ১৫ জুলাই থেকে শেয়ারবাজারে কোম্পানিটির লেনদেন শুরু হয় এবং কয়েক দিনের মধ্যেই বাজারে কোম্পানিটির শেয়ারের অস্বাভাবিক দর বাড়তে থাকে। এরই পরিপ্রেক্ষিতে বিএসইসি অস্বাভাবিক দর বাড়ার কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন এবং পরবর্তীকালে কোম্পানির আর্থিক প্রতিবেদন বিশেষ নিরীক্ষার উদ্যোগ নেয়।
কোম্পানিটির আইপিও প্রসপেক্টাস বা বিবরণীপত্র অনুযায়ী, চেয়ারম্যান ও এমডিসহ পাঁচজন পরিচালককে নিয়ে একটির পরিচালনা পর্ষদ গঠিত। তাঁরা হলেন চেয়ারম্যান রেজাকুল হায়দার, এমডি ফিরোজ আলম; পরিচালক আনিস সালাউদ্দিন আহমেদ, এ কে এম বদিউল আলম ও শামসুজ্জামান।
এ ছাড়া বিএসইসির গতকালের সভায় সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্যভুক্ত প্রতিষ্ঠান ইস্টল্যান্ড সিকিউরিটিজকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।