শাহবাগের আজিজ মার্কেট খুলেছে

ঢাকায় বই ও পোশাকের জন্য সুপরিচিত বিপণিবিতান আজিজ সুপার মার্কেট খুলেছে। আজ মঙ্গলবার সেখানকার বই ও পোশাকের দোকানগুলোতে বেচাকেনা শুরু হয়। যদিও প্রথম দিন ক্রেতার সংখ্যা ছিল একেবারেই কম।
সরকার গত রোববার থেকে দোকানপাট খোলার সুযোগ দিয়েছে। যদিও আজিজ মার্কেট খোলা হয় দুই দিন পর। জানতে চাইলে আজিজ মার্কেটের দোকান মালিক সমিতির সভাপতি নাজমুল আহসান বলেন, ‘পুলিশের পক্ষ থেকে যেসব সুরক্ষাব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল, তা মানার প্রস্তুতি নিতে একটু দেরি হয়েছে। আমরা পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়ার পরই দোকানপাট খুলেছি।’
করোনাভাইরাস ছড়িয়ে পড়া রুখতে আজিজ সুপার মার্কেট কর্তৃপক্ষ বেশ কিছু ব্যবস্থা নিয়েছে। আজ বেলা দুইটার দিকে গিয়ে দেখা যায়, ঢোকার মুখে হাত ধোয়ার ব্যবস্থা রয়েছে। ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) পরা নিরাপত্তাকর্মীরা সবাইকে হাত ধুতে বাধ্য করছেন। এরপর জীবাণুনাশক চেম্বারের মধ্য দিয়ে যেতে হচ্ছে। যেখানে শরীরে জীবাণুনাশক ছিটিয়ে দেওয়া হচ্ছে।
সমিতি জানায়, ক্রেতাদের প্রত্যেকের মুখে মাস্ক থাকা বাধ্যতামূলক। বিক্রেতারাও মাস্ক পরছেন। ভিড় হলে মানুষ যাতে শৃঙ্খলা ও সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাকাটা করতে পারে, তা নিশ্চিত করতে আজিজ মার্কেটের ভেতরে ও বাইরে বৃত্ত এঁকে দেওয়া হয়েছে। মার্কেটে ঢুকতে হচ্ছে এক দিক দিয়ে। বের হতে হচ্ছে আরেক দিক দিয়ে।
খোলার প্রথম দিন দোকান পরিষ্কার করা, পণ্য সাজিয়ে রাখতেই সময় কেটেছে দোকান মালিক ও কর্মীদের। তাঁরা বলছেন, আগামী দিনগুলোতে অল্প কিছু বেচাকেনা হলেও ভালো। পবিত্র ঈদুল ফিতরের আগে কর্মীদের বেতন দেওয়া যাবে।
পড়ুয়া নামের একটি বইয়ের দোকানের মালিক কবির আহমেদ বলেন, ‘প্রথম দিন ক্রেতা নেই। সামনের দিকগুলোতে হয়তো কিছু আসতে পারে।’
কানন নামের একটি পোশাকের দোকানের বিক্রেতা নাজমুল হাসান বলেন, ‘দেখা যাক সামনে কী হয়।’
সমিতির হিসাবে, আজিজ সুপার মার্কেটে ৫০০টির বেশি দোকান আছে। এর মধ্যে ২৫০টির মতো প্রতিষ্ঠানের ৩৫০টির বেশি পোশাকের দোকান রয়েছে। এখানে বইয়ের দোকানের সংখ্যাই বেশি।
দেশে গত ২৬ মার্চ থেকে সাধারণ ছুটির মধ্যে দোকানপাট ও বিপণিবিতান বন্ধ ছিল। ১০ মে, অর্থাৎ গত রোববার থেকে তা খোলার সুযোগ দেয় সরকার। বেচাকেনার সময়সীমা সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারণ করে দেওয়া হয়। রয়েছে আরও কিছু শর্ত।
অবশ্য ঢাকার বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, নিউমার্কেট, গাউছিয়াসহ বিভিন্ন জনপ্রিয় বিপণিবিতান খোলা থেকে বিরত থাকেন ব্যবসায়ীরা। কিন্তু পোশাক, জুতা, ইলেকট্রনিক পণ্যসহ বিভিন্ন ব্র্যান্ডের চেইন স্টোর খুলেছে। শহরজুড়ে দোকানপাটও খুলেছে। খুলেছে পুরান ঢাকার পাইকারি বাজারও।