শিওর ক্যাশে মোবাইল ব্যাংকিং সেবা দেবে যমুনা ব্যাংক

মোবাইল ব্যাংকিং ও মোবাইল পেমেন্ট নেটওয়ার্ক শিওর ক্যাশের মাধ্যমে গ্রাহকদের মোবাইল ব্যাংকিং সেবা দেবে যমুনা ব্যাংক লিমিটেড। সম্প্রতি যমুনা ব্যাংক ও প্রগতি সিস্টেমসের মধ্যে এ-সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে।
শিওর ক্যাশের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, যমুনা ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক মুসলেহ উদ্দিন আহমেদ ও প্রগতি সিস্টেমসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাহাদাত খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শফিকুল আলম, উপব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ, এ কে এম সাইফুদ্দিন আহমেদ, প্রগতি সিস্টেমসের পরিচালক আকরাম আলী খান, ফয়জুল্লাহ খান প্রমুখ উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই চুক্তির আওতায় গ্রাহকেরা যমুনা শিওর ক্যাশ মোবাইল ফিন্যান্সিয়াল সেবা ব্যবহার করে হিসাব খোলা, টাকা জমা দেওয়া, টাকা ওঠানো, টাকা পাঠানো, রেমিট্যান্সের টাকা ওঠানো ইত্যাদি সুযোগ পাবেন। পাশাপাশি শিওর ক্যাশ নেটওয়ার্ক ব্যবহার করে স্কুল, কলেজ ও বিদ্যালয়ের বেতন পরিশোধ, মোবাইল টপ-আপ ও বিল জমা দিতে পারবেন গ্রাহকেরা।