শিকলবাহায় বিদ্যুৎকেন্দ্র স্থাপনসহ ১৪টি ক্রয় প্রস্তাব অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের কর্ণফুলী নদীর দক্ষিণ তীরে শিকলবাহায় ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল (ডুয়েল ফুয়েল) বিদ্যুৎকেন্দ্র স্থাপনের দরপত্র অনুমোদনসহ ১৪টি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

সচিবালয়ে গতকাল সোমবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান, বড় প্রকল্প হওয়ায় শিকলবাহার এ প্রকল্পটিতে চারটি দাতা সংস্থা জড়িত। প্রস্তাবটি চূড়ান্ত করতে পুরো দুই বছর লেগেছে। টার্নকি ভিত্তিতে ১৮ মাসে এটি নির্মাণে ব্যয় হবে এক হাজার ৭০৭ কোটি টাকা। কাজটি পেয়েছে কোরিয়ান প্রতিষ্ঠান লার্সন অ্যান্ড টার্বো লিমিটেড।

অর্থমন্ত্রী জানান, বৈঠকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দুটি রানওয়ে নির্মাণে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ এবং সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ১০ লাখ যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট (এমআরপি) সরবরাহের একটি প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। বিমানবন্দরের দুটি রানওয়েসহ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছে কোরিয়ান প্রতিষ্ঠান ইউশিন। এতে ব্যয় হবে ৩৮ কোটি ৭৬ লাখ টাকা।

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এমআরপি পাসপোর্ট বিতরণ বিষয়ে অর্থমন্ত্রী বলেন, হাতে হাতে এ পাসপোর্ট পৌঁছে দেওয়া হবে। আউট সোর্সিং এজেন্ট হিসেবে দরপত্রের মাধ্যমে পাসপোর্ট পৌঁছে দেওয়ার কাজটি পেয়েছে মালয়েশিয়ার প্রতিষ্ঠান আইরিস করপোরেশন। প্রতিটি পাসপোর্টের জন্য ব্যয় হবে ১৩ ডলার। তিনি জানান, এর আগে মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সরবরাহ হওয়া প্রতিটি এমআরপি পাসপোর্ট ব্যয় হয়েছিল ১৮ ডলার।

জানা গেছে, অন্য প্রস্তাবের মধ্যে ১৪৫ কোটি টাকা ব্যয়ে মংলা অয়েল ইনস্টলেশনের আওতায় ১৪টি পেট্রোলিয়াম সংরক্ষণাগার নির্মাণের কার্যাদেশ দেওয়া, মাধ্যমিক পর্যায়ে শিক্ষাদানের মান উন্নয়ন প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) প্যাকেজ এসডি ২-এর আওতায় ২৫ কোটি টাকা ব্যয়ে টিচার্স এডুকেশন অ্যান্ড ম্যানেজমেন্ট কনসালট্যান্সিকে পরামর্শক ফার্ম হিসেবে নিয়োগ, ৩০ হাজার টন ফসফরিক অ্যাসিড আমদানি এবং ২৫৭ কোটি টাকা ব্যয়ে নদী খননের জন্য ড্রেজার ও আনুষঙ্গিক যন্ত্রপাতি ক্রয় প্রকল্পের আওতায় সরঞ্জামসহ তিন সেট ম্যানুফ্যাকচারিং অ্যান্ড সাপ্লাই অব ৬৫০ মিলিমিটার ডিসচার্জ পাইপ ডায়া কাটার সেকশন ড্রেজারের ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

অর্থমন্ত্রী আরও জানান, রেলওয়ের তিনটি কাজের  ভেরিয়েশন প্রস্তাবে যথাক্রমে ১৭ কোটি টাকা, ২০ কোটি টাকা ও ১৯ কোটি টাকা ব্যয় হবে। বৈঠকে মূল্য সংযোজন কর (মূসক) অটোমেশনের জন্য সফটওয়্যার কেনার প্রস্তাবটি ওঠেনি। মন্ত্রী জানিয়েছেন, মূসক ব্যবস্থাপনার অটোমেশনে সফটওয়্যার ক্রয়ে রাজস্ব বোর্ডের দরপত্র প্রস্তাবটি প্রত্যাহার করা হয়েছে। পুনরায় পরীক্ষা-নিরীক্ষার পর এটা উপস্থাপন করতে বলা হয়েছে।