শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগের আশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কানাডার নবনিযুক্ত হাইকমিশনার হিদার ক্রুডেন বাংলাদেশের শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে বিনিয়োগের আশ্বাস দিয়েছেন। তিনি এ ক্ষেত্রে তাঁর দেশের সরকার ও বেসরকারি খাতের উদ্যোক্তাদের সহযোগিতা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। হাইকমিশনার ক্রুডেন গতকাল সোমবার চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) সভাপতি (ইনচার্জ) মাহবুবুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে চেম্বারের পরিচালক মাহফুজুল হক শাহ, মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, মো. অহীদ সিরাজ চৌধুরী ও মোরশেদ আরিফ চৌধুরী এবং কানাডিয়ান হাইকমিশনের ট্রেড কমিশনার মর্তুজা আর তরফদার উপস্থিত ছিলেন। হিদার ক্রুডেন বলেন, ‘ভৌগোলিক সুযোগ-সুবিধার কারণে চট্টগ্রামের সঙ্গে কানাডার বাণিজ্যিক লেনদেন ও যোগাযোগ বেশি।’ মাহবুবুল আলম বলেন, ২০১০ অর্থবছরে বাংলাদেশ কানাডায় ৮৩ কোটি ৬০ লাখ ডলার মূল্যের পণ্য রপ্তানি ও এর বিপরীতে ৫৯ কোটি ৫০ লাখ ডলারের পণ্য আমদানি করেছে।মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী চট্টগ্রাম চেম্বার ও বাংলাদেশে কানাডার হাইকমিশনের যৌথ উদ্যোগে ভবিষ্যতে ‘ট্রেড শো’ বা বাণিজ্য প্রদর্শনী আয়োজনের অনুরোধ জানান। বৈঠক শেষে কানাডার হাইকমিশনার চট্টগ্রামের বিভিন্ন ব্যবসা ও শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করেন।