শিক্ষা খাতে অর্থ ব্যয়ে বিত্তশালীদের প্রতি আহ্বান অর্থমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষা খাতে বিনিয়োগকে জাতির জন্য সবচেয়ে ভালো বিনিয়োগ বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) হিসেবে ব্যাংকগুলোর অর্থ ব্যয়ের পাশাপাশি সমাজের বিত্তশালীদেরও এ খাতে বিনিয়োগের আহ্বান জানান তিনি।
রাজধানীর অফিসার্স ক্লাবে গতকাল বৃহস্পতিবার শাহজালাল ইসলামী ব্যাংক আয়োজিত ২০১৩ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ অসচ্ছল মেধাবী শিক্ষাথীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন। ব্যাংকের চেয়ারম্যান এ কে আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরী, সাবেক সাংসদ ও পূবালী ব্যাংকের চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার বিশেষ অতিথি ছিলেন।
অনুষ্ঠানে ৫০০ শিক্ষার্থীর হাতে বৃত্তির টাকার চেক তুলে দেন মুহিত। ২০০৬ সাল থেকে বিভিন্ন কলেজ, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের এই বৃত্তি দিয়ে আসছে শাহজালাল ব্যাংক। এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ প্রত্যেককে ২০ হাজার টাকা এবং এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণদের দেওয়া হয় ২৫ হাজার টাকা করে।
অর্থমন্ত্রী বলেন, একটি জাতির জন্য সবচেয়ে ভালো বিনিয়োগের খাত হলো শিক্ষা খাত। এ খাতে যে জাতি যত বেশি বিনিয়োগ করবে, সে জাতি তত উন্নতি করবে। সিএসআরের অর্থে সুবিধাবঞ্চিত পরিবারের মেধাবী ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তা করায় শাহজালাল ব্যাংকসহ গোটা ব্যাংক খাতেরই প্রশংসা করেন অর্থমন্ত্রী এবং এ ধরনের কাজে টাকা খরচ করতে সমাজের বিত্তশালীদের উৎসাহিত করেন।
মুহিত আরও বলেন, শাহজালাল ব্যাংক অর্থনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি জনকল্যাণে যে অবদান রেখে চলেছে, তা অত্যন্ত মহৎ ও গৌরবের বিষয়। দরিদ্র ছাত্র–ছাত্রীদের বৃত্তি দিয়ে উচ্চশিক্ষার সুযোগ করে দেওয়া সত্যিই একটি প্রশংসনীয় উদ্যোগ।
অনুষ্ঠানে অর্থমন্ত্রীকে সৎ মানুষ আখ্যা দিয়ে এ কে আজাদ বলেন, তিনি (মুহিত) নির্বাচন করেন, কিন্তু কারও কাছ থেকে টাকা নেন না। কষ্ট করে চলেন। এ ধরনের মানুষকে উৎসাহিত না করলে ভালো মানুষেরা দেশের মঙ্গলে এগিয়ে আসতে চাইবেন না।
কারও নাম উল্লেখ না করে এ কে আজাদ বলেন, ‘পত্রিকায় দেখলাম, অর্থমন্ত্রীর সততা নিয়ে একজন প্রশ্ন তুলেছেন। এতে মর্মাহত হয়েছি। এই অর্থমন্ত্রীই ৮২ হাজার কোটি টাকার বাজেটকে আড়াই লাখ কোটি টাকায় উন্নীত করেছেন।’
পূর্ণ স্বাধীনতা পেলে এই অর্থমন্ত্রী বাংলাদেশের অর্থনীতিকে ডেনমার্কের অর্থনীতির পর্যায়ে নিয়ে যেতে পারবেন বলে বিশ্বাস করেন এ কে আজাদ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী ও শাহজালাল ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান তৌহিদুর রহমান। উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক মোহাম্মদ ইউনুস, আক্কাসউদ্দিন মোল্লা, তোফাজ্জল হোসেন প্রমুখ।