শিক্ষা খাতে বরাদ্দ বাড়লেও 'যথেষ্ট' নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন ২০১৬-১৭ অর্থ বছরে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বরাদ্দের পরিমাণ গতবারের চেয়ে টাকার পাশাপাশি শতাংশের হিসাবেও বেড়েছে। 

শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বরাদ্দ বৃদ্ধি ইতিবাচক। তবে তা এখনো প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়। কারণ সরকার শিক্ষার গুণগত মান বাড়ানোর চ্যালেঞ্জ ঘোষণা করেছে। কিন্তু এই চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য শিক্ষা খাতের বাজেট এখনো অপ্রতুল।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে আসন্ন ২০১৬-১৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন। এতে শিক্ষা ও প্রযুক্তি খাত মিলিয়ে মোট বাজেটের প্রায় ১৫ দশমিক ৬ শতাংশ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। তবে প্রযুক্তি বাদ দিলে শিক্ষা খাতে বরাদ্দের পরিমাণ কিছু কমবে। গতবার এই খাতে বরাদ্দ ছিল ১১ দশমিক ০৭ শতাংশ। উল্লেখ প্রযুক্তি খাতের অনেক ব্যয় শিক্ষার বাইরে হয়।
আগের বছরের সঙ্গে তুলনা করে দেখা যায়, এবার শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে উন্নয়ন ও অনুন্নয়ন ব্যয় মিলিয়ে বরাদ্দ দেওয়া হয়েছে ২৬ হাজার ৮৪৮ কোটি টাকা। যা মোট বাজেটের ৭ দশমিক ৮৮ শতাংশ। বিদায়ী (২০১৫-১৬) অর্থ বছরের সংশোধিত বাজেটে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বরাদ্দের পরিমাণ দাঁড়ায় ২০ হাজার ২৫৯ কোটি টাকা। যা মোট বাজেটের ৭ দশমিক ৬৬ শতাংশ। আর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে আসন্ন অর্থ বছরের জন্য বরাদ্দ ধরা হয়েছে ২২ হাজার ১৬২ কোটি টাকা, যা মোট বাজেটের ছয় দশমিক ৫১ শতাংশ। বিদায়ী (২০১৫-১৬) অর্থ বছরের সংশোধিত বাজেটে এই মন্ত্রণালয়ের অধীনের বরাদ্দের পরিমাণ দাঁড়ায় ১৬ হাজার ৮৪৬ কোটি টাকা। যা মোট বাজেটের ৬ দশমিক ৩৭ শতাংশ।
এবারে এই দুই মন্ত্রণালয়ের জন্য মোট বরাদ্দ ৪৯ হাজার ১০ কোটি টাকা। আর এবার মোট জিডিপি ধরা হয়েছে, ১৯ লাখ ৬১ হাজার ১৭ কোটি টাকা। এই হিসেবে এবার দুই মন্ত্রণালয়ের অধীন শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে জিডিপির প্রায় দুই দশমিক ৫ শতাংশ। বিদায়ী অর্থ বছরের শুরুতে এই খাতে ১ দশমিক ৯৮ শতাংশ বরাদ্দ থাকলেও পরে সংশোধিত বাজেটে পরিমাণ দাঁড়ায় প্রায় দুই দশমিক ১৫ শতাংশ। তুলনামূলক এই চিত্র বলছে, গতবারের চেয়ে শিক্ষা খাতে বরাদ্দ বেড়েছে।
জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসির পরিচালক মোহাম্মদ আবু ইউসুফ প্রথম আলোকে বলেন, গতবারের তুলনায় টাকার পরিমাণের পাশাপাশি শতাংশের হিসেবে শিক্ষা খাতে বাজেট বৃদ্ধি ইতিবাচক হলেও তা এখনো যথেষ্ট নয়। কারণ ইউনেসকোসহ অন্যান্য আন্তর্জাতিক ফোরামের ঘোষণা অনুযায়ী মোট জিডিপির ছয় শতাংশ ও মোট বাজেটের কমপক্ষে ২০ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দের কথা। পার্শ্ববর্তী কয়েকটি দেশেও শিক্ষা খাতে বরাদ্দ অনেক বেশি। শিক্ষার গুণগত মান বাড়াতে শিক্ষক প্রশিক্ষণসহ সংশ্লিষ্ট খাতে আরও বরাদ্দ বাড়াতে হবে।
এদিকে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার জন্য ৬৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া, প্রাথমিক বিদ্যালয়ে আরও তিন হাজার শিক্ষক নিয়োগসহ নতুন কয়েকটি উদ্যোগের কথা উল্লেখ করেন। তিনি আরও বলেন, জরাজীর্ণ বিদ্যালয় সংস্কারের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আরও কারিগরি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের কাজও প্রক্রিয়াধীন। প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণি পর্যন্ত বাস্তবায়নের উদ্যোগের কথাও জানান তিনি।