শিক্ষাকে অর্থনৈতিক উন্নয়নের কৌশল হিসেবে দেখতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্র্যাক সেন্টারে লোকবক্তৃতা অনুষ্ঠানে (বাঁ থেকে) ওয়াহিদউদ্দিন মাহমুদ, সুলতান হাফিজ রহমান ও আইনুন নিশাত
ব্র্যাক সেন্টারে লোকবক্তৃতা অনুষ্ঠানে (বাঁ থেকে) ওয়াহিদউদ্দিন মাহমুদ, সুলতান হাফিজ রহমান ও আইনুন নিশাত

দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধির সবচেয়ে বড় চালিকাশক্তি হলো মানবসম্পদ উন্নয়ন। অন্য উপাদানগুলো এমনকি সুশাসনও শেষ পর্যন্ত মানবসম্পদের মানোন্নয়নের ওপর নির্ভর করে।
রাজধানীতে গতকাল রোববার এক লোকবক্তৃতায় বিশিষ্ট অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ এ কথা বলেন। তিনি মনে করেন, শিক্ষা পরিকল্পনাকে অর্থনৈতিক উন্নয়ন কৌশলের অংশ হিসেবে দেখার বিকল্প নেই। আর সবার জন্য শিক্ষাই যথেষ্ট নয়, বরং দরকার নিম্নবিত্ত পরিবারের সন্তানদের জন্য মানসম্মত শিক্ষা ও উচ্চশিক্ষার অধিকার নিশ্চিত করা।
যুক্তরাজ্যভিত্তিক ইন্টারন্যাশনাল গ্রোথ সেন্টার (আইজিসি) এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব গভর্নেন্স স্টাডিজ (আইজিএস) ঢাকায় মহাখালীর ব্র্যাক সেন্টারে এই লোকবক্তৃতার আয়োজন করে। আইজিএসের কান্ট্রি ডিরেক্টর সুলতান হাফিজ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আইনুন নিশাত।
ওয়াহিদউদ্দিন মাহমুদ তাঁর লোকবক্তৃতায় বলেন, দেশে এখন পর্যন্ত অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি হিসাবে কাজ করছে নিম্ন উৎপাদনশীলতার রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্প, বিদেশে স্বল্পশিক্ষিত শ্রমিক রপ্তানি এবং নিম্ন প্রযুক্তির ক্ষুদ্র উদ্যোক্তা। প্রবৃদ্ধির পরবর্তী পর্যায়ে যেতে হলে এসব ক্ষেত্রে শ্রমিকের প্রশিক্ষণের মান ও উৎপাদনের প্রযুক্তিগত উন্নয়নের বিকল্প নেই।
ওয়াহিদউদ্দিন মাহমুদের মতে, অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে উচ্চশিক্ষার চাহিদা বাড়ে। তবে গবেষণায় দেখা গেছে, উচ্চশিক্ষা ব্যক্তিগতভাবে লাভজনক হলেও অনেক সময় অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে সহায়তা করে না। উচ্চশিক্ষার ডিগ্রি যদি চাকরি পাওয়ার যোগ্যতার মাপকাঠি হয়, কিন্তু উৎপাদনশীলতা না বাড়ায়, তাতে লাভ নেই। এ ছাড়া অনেক ক্ষেত্রে উচ্চশিক্ষা কেবল অনুৎপাদনশীল খাতে অবৈধ আয়-রোজগারেরও সুবিধা করে দেয়।
জনাব মাহমুদ বলেন, ‘সমাজে অর্থনীতি ও সামাজিক বৈষম্যের ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজ করে শিক্ষার বৈষম্য। এ বৈষম্য প্রজন্ম থেকে প্রজন্মে সঞ্চারিত হয়। আমাদের শিক্ষাব্যবস্থা এখন পর্যন্ত ক্রমবর্ধমান শিক্ষার চাহিদাই মেটাতে পারছে না, শিক্ষার সমান সুযোগ নিশ্চিত করা তো দূরের কথা। গরিব ঘরের সন্তানেরা উচ্চশিক্ষার মেধাভিত্তিক প্রবেশাধিকার কতটা পাবে, তা নির্ভর করে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে তারা কতখানি মানসম্পন্ন শিক্ষার সুযোগ পায়, তার ওপর।’
ওয়াহিদউদ্দিন মাহমুদ আরও বলেন, ‘আমাদের পুরো শিক্ষাব্যবস্থাতেই সুশাসনের বড় অভাব রয়েছে। তবে বেসরকারি মাধ্যমিক স্কুলগুলোই সবচেয়ে বড় ভুক্তভোগী। রাজনৈতিক প্রভাব খাটিয়ে এসব স্কুলের পরিচালনা পর্ষদে এমন সব সদস্য স্থান করে নেন, যাঁদের অনেকেরই শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিকের নিচে।’
কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান আইনুন নিশাত। তিনি বলেন, যারা উচ্চশিক্ষা নিতে পারবে না, তারা কারিগরি শিক্ষা নিয়ে শ্রমবাজারে প্রবেশ করার সুযোগ পেতে পারে। এ ছাড়া তিনি শিক্ষার পাঠ্যসূচি যুগোপযোগী করার তাগিদ দেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষক আনোয়ারা বেগম, কল্যাণ পার্টির সভাপতি সৈয়দ মোহাম্মদ ইবরাহিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বরকত এ খুদা, আমেরিকান চেম্বার ইন বাংলাদেশের (অ্যামচেম) নির্বাহী পরিচালক এ গফুর, অস্ট্রেলীয় হাইকমিশনের শিক্ষা বিশেষজ্ঞ জেমস জেনিংস, ডেইলি স্টার-এর ব্যবস্থাপনা সম্পাদক সালেহ্উদ্দিন আহমেদ, কেয়ার বাংলাদেশের ট্রেসি ইভান্স ও জেমি চার্লিবয়িস। এতে আরও উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাফিজ জি এ সিদ্দিকী।