শিক্ষায় বরাদ্দ বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষা খাতে ২০১৪-১৫ অর্থবছরের বরাদ্দ চলতি অর্থবছরের চেয়ে দুই হাজার ৮৮৬ কোটি বেড়েছে। আসন্ন অর্থবছরে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অনকূলে বরাদ্দ দেওয়া হয়েছে ২৯ হাজার ২১৩ কোটি টাকা। আর শেষ হতে চলা চলতি অর্থবছরে সংশোধিত বরাদ্দ করা হয়েছে ২৬ হাজার ৩২৭ কোটি টাকা।
জাতীয় সংসদে গতকাল বৃহস্পতিবার ২০১৪-১৫ অর্থবছরের বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তাতে দেখা যায়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অনকূলে অনুন্নয়ন ও উন্নয়ন ব্যয় মিলিয়ে বরাদ্দ দেওয়া হয়েছে ১৩ হাজার ৬৭৩ কোটি টাকা। চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে তা হয়েছে ১১ হাজার ৯৬৪ কোটি টাকা।
অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয়ের অনুকূলে অনুন্নয়ন ও উন্নয়ন ব্যয় মিলিয়ে বরাদ্দ দেওয়া হয়েছে ১৫ হাজার ৫৪০ কোটি টাকা। চলতি অর্থবছরে তা ১৪ হাজার ৩৬৩ কোটি টাকা।
২০১৮ সালের মধ্যে প্রাথমিক শিক্ষা হবে অষ্টম শ্রেণি পর্যন্ত: বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, জাতীয় শিক্ষানীতির লক্ষ্যমাত্রা অনুযায়ী ২০১৮ সালের মধ্যে প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত নির্ধারণের জন্য কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে ৭৫৪টি প্রাথমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণি ও সপ্তম শ্রেণি চালু করা হয়েছে। পর্যায়ক্রমে সব প্রাথমিক বিদ্যালয়ে তা করা হবে।