শিক্ষার মানোন্নয়নে জোর দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাওহিদ আলম সিদ্দিকি

বাজেট একটা আয়না, যে আয়নায় জনগণের আশা-আকাঙ্ক্ষার ছবি ভেসে ওঠে। বাজেট নিয়ে তাই সবার মধ্যে একটা উৎসাহ-উদ্দীপনা কাজ করে। শিক্ষার্থী হিসেবে তা আমাকেও ভাবায়।

আমি মনে করি, আমাদের তিন স্তরবিশিষ্ট শিক্ষাব্যবস্থায় আরও বেশি নজর দেওয়া প্রয়োজন। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় যোগ্য শিক্ষক নিয়োগ দেওয়া জরুরি। প্রাথমিক ও মাধ্যমিকে একটা শিক্ষার্থীর ভিত্তি তৈরি হয়—ভিত্তি নড়বড়ে হলে ইমারত ভঙ্গুর।

সাধারণ শিক্ষার গুণগত মানোন্নয়নের পাশাপাশি কারিগরি শিক্ষার দিকে নজর দিতে হবে। আমাদের বেকার সমস্যা ক্রমেই মহামারি আকার ধারণ করছে। আমরা এখন তরুণ জনগোষ্ঠীর সংখ্যাধিক্যের সুবিধা পাচ্ছি, কিন্তু এ নিয়ে তেমন সুষ্ঠু পরিকল্পনা দেখা যায় না। যথাযথ শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে আমরা এই জনগোষ্ঠীকে দক্ষ করে তুলতে পারি। এতে দক্ষ শ্রমশক্তি রপ্তানির সুযোগ বৃদ্ধি পাবে।

এ ছাড়া শিক্ষাকে যুগোপযোগী করার জন্য ডিজিটালাইজেশনের পথে হাঁটা জরুরি, যা কোভিড-১৯ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। যেখানে বিশ্ববিদ্যালয়গুলোতে প্রয়োজনের তুলনায় সবই অপ্রতুল, সে জায়গায় নতুন নতুন বিশ্ববিদ্যালয় না তৈরি করে বিদ্যমান বিশ্ববিদ্যালয়গুলোর মানোন্নয়ন জরুরি।

স্পষ্টতই আমাদের উচ্চশিক্ষা ও গবেষণায় জোর দেওয়া দরকার। জ্ঞানের কাজ হলো নতুন নতুন দ্বার উন্মোচন করা, সেখানে আমরা পুরোনো দ্বারে ঠেস দিয়ে বসে আছি। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণায় নামমাত্র বরাদ্দ রেখে বড় ব্যয় হয় অবকাঠামো উন্নয়নে। শিক্ষার গুণগত মানের জন্য অবকাঠামো উন্নয়নের পাশাপাশি যোগ্য শিক্ষক নিয়োগ এবং শিক্ষক প্রশিক্ষণে জোর দেওয়া প্রয়োজন মনে করছি।

আমাদের প্রতিবেশী দেশগুলো শিক্ষা খাতে বেশি বরাদ্দ দেয়। যত দিন পর্যন্ত শিক্ষার যুগোপযোগী পরিবর্তন কিংবা শিক্ষাকে আন্তর্জাতিক মানের করা না যাবে, তত দিন আমাদের উন্নতি সম্ভব নয়। আশা করছি, এই অর্থবছরে বাজেটের কমপক্ষে ২০-২৫ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া হবে।

তাওহিদ আলম সিদ্দিকি, শিক্ষার্থী (আইন বিভাগ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)