শিক্ষার্থীদের শেভরনের বৃত্তি প্রদান

শেভরন বাংলাদেশ সম্প্রতি হবিগঞ্জ, সিলেট ও মৌলভীবাজার জেলায় শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করেছে। এ তিন জেলায় অবস্থিত শেভরনের তিনটি গ্যাস ফিল্ডের পার্শ্ববর্তী এলাকার অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের এ বৃত্তি দেওয়া হয়।
শেভরনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর শেভরন বিবিয়ানা, জালালাবাদ ও মৌলভীবাজার প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রের পার্শ্ববর্তী এলাকায় অবস্থিত ৪১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ হাজার ৬৬৮ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করে।
শেভরন জানায়, শেভরনের শিক্ষা কর্মসূচি পরিচালনা করে জাতীয় পর্যায়ের দুটি বেসরকারি সংস্থা (এনজিও) ভলান্টারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ভিএবি) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট সার্ভিস সেন্টার (বিডিএসসি)। শেভরন বাংলাদেশ মানসম্মত শিক্ষা সহায়তা কর্মসূচির অংশ হিসেবে ২০০৬ সাল থেকে গ্যাস ফিল্ডের পার্শ্ববর্তী এলাকায় অবস্থিত স্কুলগুলোর শিক্ষার মান ও পরিবেশ উন্নয়নে এই বৃত্তির কার্যক্রম চালিয়ে আসছে।
বৃত্তি প্রদান ছাড়াও অতিরিক্ত শিক্ষক নিয়োগ, কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠা, কোচিং সহায়তা, স্কুল ইউনিফর্ম, খেলাধুলার সামগ্রী, ফার্নিচার ও অনুদান তহবিল গঠনেও সহায়তা করে থাকে শেভরন।