শিগগির হচ্ছে না বিশেষ তহবিল!
আবাসন খাতের জন্য সহজ সুদে বিশেষ তহবিল গঠনে এ খাতের ব্যবসায়ীরা দাবি জানালেও এখনই তা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক বলছে, ‘দেশের বৃহত্তর স্বার্থে মূল্যস্ফীতিকে সহনীয় মাত্রায় রাখতে হবে।’ তাই এ মুহূর্তে এ ধরনের তহবিল গঠন সম্ভব নয়। তবে ভবিষ্যতে অনুকূল পরিস্থিতি তৈরি হলে আবাসন খাতের ব্যবসায়ীদের দাবি অনুযায়ী বিশেষ তহবিল গঠনের বিষয়টি পর্যালোচনা করা হবে।
বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠানো এক চিঠিতে বিষয়টি জানানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ওই চিঠির অনুলিপি আবাসন খাতের মালিকদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা রিহ্যাবের কাছেও পাঠানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংক চিঠিতে বলেছে, কেন্দ্রীয় ব্যাংক থেকে যেকোনো প্রক্রিয়ায় ঋণ প্রদান করলে তা সরাসরি মজুত অর্থ (রিজার্ভ মানি) সম্প্রসারণ ঘটায়, পরবর্তী সময়ে যা গুণক আকারে মুদ্রা সরবরাহ বৃদ্ধির মাধ্যমে মূল্যস্ফীতিতে চাপ তৈরি করে। তাই দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় পুনঃ অর্থায়নসুবিধা না দেওয়ার বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের পর্ষদে সিদ্ধান্ত হয়েছে। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের সুসামঞ্জস্যপূর্ণ মুদ্রানীতির কারণে মূল্যস্ফীতি এক অঙ্কে স্থিতিশীল রয়েছে। পাশাপাশি উৎপাদনের প্রবৃদ্ধিও গতিশীল রয়েছে।
প্রসঙ্গত, এর আগে আবাসন খাতে স্বল্পসুদে ঋণ সহায়তা দিতে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ১ হাজার ৫০০ কোটি টাকার একটি তহবিল গঠন করা হয়েছিল। ২০১০ সালের পর সেটি বন্ধ করে দেওয়া হয়। এরপর কয়েক বছর ধরে আবাসন খাতের ব্যবসায়ীরা এ ধরনের তহবিল পুনর্গঠনের দাবি জানিয়ে আসছেন।
আগামী ২০১৫–১৬ অর্থবছরে বাজেটে আবাসন শিল্প রক্ষায় রিহ্যাবের পক্ষ থেকে ২০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠনের দাবি জানানো হয়েছে। এই তহবিল থেকে ক্রেতাদের চাহিদা মতো ঢাকার আশপাশের এলাকা দেরহাজার বর্গফুট বা তার চেয়ে ছোট ফ্ল্যাট ক্রয়ের জন্য ৭ থেকে ৯ শতাংশ সুদে ঋণ দেওয়ার কথা বলছে সংগঠনটি।