শিগগিরই অ্যাপলাকের স্বীকৃতি পাচ্ছে বিএবি
বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ড (বিএবি) শিগগিরই এশিয়া প্যাসিফিক ল্যাবরেটরি অ্যাক্রিডিটেশন কো-অপারেশনের (অ্যাপলাক) স্বীকৃতি পেতে যাচ্ছে।
সংস্থা দুটির পারস্পরিক স্বীকৃতি চুক্তি সইয়ের পূর্বপ্রস্তুতি হিসেবে অ্যাপলাকের একটি মূল্যায়ন টিম বিএবির প্রাতিষ্ঠানিক সক্ষমতা মূল্যায়নের জন্য বাংলাদেশ সফর করছে। আন্তর্জাতিক মান আইএসও/আইইসি-১৭০১১ অনুসারে ২ থেকে ৬ নভেম্বর এ মূল্যায়ন করা হয়েছে। এর প্রতিবেদনের ভিত্তিতে বিএবির টেস্টিং অ্যান্ড ক্যালিব্রেশন ল্যাবরেটরি অ্যাক্রিডিটেশন কর্মসূচি অ্যাপলাকের স্বীকৃতি পাবে বলে আশা করা হচ্ছে।
সফররত অ্যাপলাক প্রতিনিধিদলের প্রধান পিটার আনজার গতকাল বৃহস্পতিবার শিল্পসচিব মোশাররফ হোসেন ভূঁইয়ার সঙ্গে বৈঠককালে এমন আশাবাদ ব্যক্ত করেন। শিল্প মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বৈঠকে পিটার আনজার বলেন, অ্যাক্রিডিটেশন সনদ দিয়ে বিএবি বাংলাদেশি উদ্যোক্তাদের সাশ্রয়ী খরচে রপ্তানি বাড়াতে সহায়তা করছে। অ্যাপলাকের পারস্পরিক স্বীকৃতি চুক্তি সই হলে বিশ্ববাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানি আরও বাড়বে।
বৈঠকে বিএবির মহাপরিচালক আবু আবদুল্লাহ, পরিচালক সুধাকর দত্ত এবং অ্যাপলাক প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।