শিগগিরই উন্নয়ন মেলা হবে
অংশগ্রহণমূলক সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়নে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নেবে সরকার। তবে কিছুটা ভিন্ন আঙ্গিকে এই মতামত নেওয়া হবে। কয়েক দিনব্যাপী উৎসবের আমেজে উন্নয়নবিষয়ক সভা-সেমিনার হবে। দারিদ্র্য নিরসন, শিক্ষা, স্বাস্থ্য, বিনিয়োগসহ বিভিন্ন বিষয়ে এসব সেমিনারে মত দেবেন বিশেষজ্ঞরা।
একটি মেলার আদলে এসব সভা-সেমিনার অনুষ্ঠিত হবে। পরিকল্পনা কমিশন এই উদ্যোগটিকে ‘উন্নয়ন মেলা’ হিসেবে বলছে। চলতি মাসের শেষ সপ্তাহে অথবা সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে তিন দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হবে। তবে স্থান চূড়ান্ত হয়নি।
সম্প্রতি পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে উচ্চপর্যায়ের সভায় উন্নয়ন মেলা অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়।
এ মেলায় এনজিও, ব্যবসায়ী, গণমাধ্যম, ব্যাংক, সুশীল সমাজসহ কৃষক, শিক্ষক, নারী, প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিরা বিভিন্ন সেমিনারে মত দেবেন। সব শ্রেণি-পেশার প্রতিনিধিদলের সঙ্গে প্রাপ্ত আলোচনার ফলাফল মেলার শেষ দিনে স্টল আকারে প্রদর্শনীর ব্যবস্থা করা হবে।