শিগগিরই চীন হবে এ দেশের তৈরি পোশাকের বড় বাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনে তৈরি পোশাকের অভ্যন্তরীণ বাজার প্রায় ২৫ হাজার কোটি ডলারের। আর দেশটিতে বছরে ৩০ হাজার কোটি ডলারের পোশাক উৎপাদিত হয়। এর ৮২ শতাংশই দেশীয় বাজারে বিক্রি হয়।এসব তথ্য উল্লেখ করে চীনের তৈরি পোশাক খাতের ব্যবসায়ীরা বললেন, শিগগিরই চীন বাংলাদেশের তৈরি পোশাকের বড় বাজার হয়ে উঠবে।চীনের পোশাকশিল্প সমিতির সহসভাপতি ফেং দেহু বলেছেন, ‘চীনের পোশাকশিল্পের উৎপাদনের আকার বছরে ৩০ হাজার কোটি ডলার। এর ৮২ শতাংশ দেশীয় বাজারে বিক্রি হয়। কাজেই বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ পোশাক রপ্তানি করা সম্ভব।’বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানির সম্ভাব্যতা যাচাইয়ে ‘চায়না ন্যাশনাল গার্মেন্ট অ্যাসোসিয়েশনের (সিএনজিএ)’ আট সদস্যের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করছে। ওই দলের প্রধান ফেং দেহু।সফর সম্পর্কে জানাতে চীনের ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে নিজস্ব কার্যালয়ে গতকাল রোববার সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশের তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ। সেখানেই এসব আশার কথা শোনান ফেং দেহু।চীনের প্রতিনিধিদলটি এমন সময় তৈরি পোশাকের বিষয়ে সম্ভাবনার কথা শোনালেন, যখন বিশ্বমন্দা ও ঋণসংকটে ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি কমছে, ক্রেতারা কার্যাদেশ বাতিল করছেন।অন্যদিকে চীনে বাংলাদেশের তৈরি পোশাকে শুল্কমুক্ত প্রবেশাধিকার-সুবিধা পেয়েছে। ফলে দেশটিতে বাংলাদেশের রপ্তানিও বাড়ছে। ২০১১-১২ সালে চীনে ১০ কোটি ২০ লাখ ডলারের পোশাক রপ্তানি করেন বাংলাদেশের ব্যবসায়ীরা।সংবাদ সম্মেলনে ফেং দেহু বলেন, ‘আমরা যতটুকু আশা করেছিলাম পোশাকশিল্পে বাংলাদেশ তার চেয়েও বেশি উন্নতি করেছে। এ দেশের শিল্প-মালিকেরা কম খরচে অনেক ভালো পণ্য তৈরি করতে পারে।’চীনে একটি বড় ব্র্যান্ডের প্রতিনিধি স্যাম লু বলেন, ‘বাংলাদেশের পোশাক মানের দিক দিয়ে ভালো এবং দামেও কম। আগামী কয়েক মাসে আমরা বাংলাদেশে অর্ডারের পরিমাণ বাড়াব।’ চীনের স্যুট তৈরির একটি নামী প্রতিষ্ঠানের প্রতিনিধি জেফ চেন জানান, তাঁরা এ দেশে বিনিয়োগের পরিকল্পনা করছেন।বিজিএমইএর সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, ‘মজুরিসহ খরচ বেড়ে যাওয়ায় চীন তাদের পোশাকশিল্প অন্য কোনো দেশে সরিয়ে নিতে চাইছে। তারা বাংলাদেশে এলে সেটা দুই দেশের জন্যই লাভজনক হবে।’মহিউদ্দিন বলেন, ‘বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির ৮৭ শতাংশই এখনো যায় উত্তর আমেরিকা ও ইউরোপে। এ খাতের টেকসই প্রবৃদ্ধির জন্য এটা বেশ ঝুঁকির। এ অবস্থায় ১৩০ কোটি লোকের দেশের চীন বাংলাদেশের জন্য অনেক বড় বাজার।’ তিনি বলেন, ‘চীনে রপ্তানি বাড়ানোর বিষয়টি নির্ভর করছে কতটা দক্ষতার সঙ্গে আমরা পোশাক তৈরি করতে পারি।’ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী জি এম কাদেরও। তিনি বলেন, ‘চীন বাংলাদেশের জন্য একটি বড় বাজার। চীনের ব্যবসায়ীরা এ দেশে বিনিয়োগ বা এ দেশ থেকে আমদানি করতে চাইলে সরকার তাঁদের সব ধরনের সুবিধা দেবে।’