শিগগিরই জিএসপি ফিরে পাওয়ার সম্ভাবনা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার সুবিধা (জিএসপি) খুব শিগগির ফিরে পাওয়ার সম্ভাবনা নেই। এ বাস্তবতা মেনে নিয়েই আগামী দিনগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে দুই দেশকে কাজ করতে হবে। প্রবাসী বাঙালিদের সংগঠন সেন্টার ফর নন-রেসিডেন্স বাংলাদেশি (এনআরবি) আয়োজিত এক আলোচনায় এসব কথা উঠে এসেছে।
মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনার বিদায় উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানটি শেষ পর্যন্ত জিএসপি সুবিধা ফিরে পাওয়া, মার্কিন-বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক আগামী ভবিষ্যতে কোন দিকে যাবে, সেগুলোই মুখ্য বিষয় হয়ে ওঠে। রাজধানীর ধানমন্ডিতে এক রেস্তোরাঁয় গতকাল শনিবার আয়োজিত এ অনুষ্ঠানের আলোচ্য বিষয় ছিল ‘যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক: অর্থনৈতিক ও সামাজিক প্রেক্ষিত’।
এনআরবি সেন্টারের সভাপতি শাকিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের তৈরি পোশাক খাত যুক্তরাষ্ট্রের বাজারে খুব শিগগির জিএসপি সুবিধা ফিরে পাবে না। কারণ, বাংলাদেশ যাতে জিএসপি ফিরে না পায়, সে জন্য এশিয়া ও আফ্রিকার অনেক দেশ এক জোট হয়ে কাজ করছে।’
বাণিজ্য সম্পর্ক বাড়াতে ওষুধ, সিরামিক, হালকা প্রকৌশলের মতো পণ্যেও গুরুত্ব বাড়ানোর কথা বলেন মির্জ্জা আজিজ। প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকৃষ্ট করতে যৌথ বিনিয়োগ, প্রযুক্তি বিনিময় বাড়াতে দুই দেশের কাজ করার কথাও বলেন তিনি। ডিভি লটারির মাধ্যমে পুনরায় বাংলাদেশি নাগরিকদের যুক্তরাষ্ট্রে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিতেও অনুরোধ জানান এই অর্থনীতিবিদ।
জিএসপি ফিরে পাওয়ার বিষয়ে মির্জ্জা আজিজের বক্তব্যের সূত্র ধরে রাষ্ট্রদূত মজীনা বলেন, ‘জিএসপি অবশ্যই ফিরে পাওয়া সম্ভব, তবে এ ক্ষেত্রে তৈরি পোশাক ও চিংড়ি খাতে প্রত্যাশিত উন্নতি করতে হবে।’
বাংলাদেশে বিনিয়োগে বিদ্যমান সমস্যা তুলে ধরে ড্যান মজীনা বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এখনো দুই লেনে আছে, এটি খুবই হতাশাজনক। যোগাযোগব্যবস্থার উন্নয়নে বাংলাদেশকে জোর দিতে হবে।’
বাংলাদেশের উন্নয়নে প্রবাসী মার্কিন নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রদূত মজীনা। তিনি বলেন, বাংলাদেশি আমেরিকান নাগরিকেরা যুক্তরাষ্ট্রের উন্নয়নে অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। সৌর প্রযুক্তির ন্যানো গ্রিড, সফটওয়্যার, সেমিকন্ডাক্টরের মতো উচ্চ প্রযুক্তির কাজে বাংলাদেশি নাগরিকেরা খুব ভালো করছেন। এ দেশের উন্নয়নেও তাঁরা ভূমিকা রাখতে পারেন।
সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী দুই দেশের বাণিজ্য সম্পর্ক বাড়াতে জিএসপি সুবিধা পুনর্বিবেচনা করার আহ্বান জানান।
সাবেক পানিসম্পদমন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহম্মদ বলেন, বাংলাদেশের মতো ৮২টি উন্নয়নশীল দেশ যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা পায়, অথচ বাংলাদেশ পায় না। দুই দেশের বাণিজ্য সম্পর্ক বাড়াতে গণতন্ত্রের উন্নয়ন, আইনের শাসন, মানবাধিকার প্রতিষ্ঠার মতো বিষয়গুলোতে গুরুত্ব আরোপের কথা বলেন তিনি।
সভায় আরও বক্তব্য দেন সাবেক বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সি এম শফি সামি, সিপিডির গবেষক খন্দকার গোলাম মোয়াজ্জেম, সাবেক সাংসদ গোলাম মওলা রনি, সাবেক রাষ্ট্রদূত ও কূটনীতিক মোহাম্মদ জমির প্রমুখ।