শিগগিরই মুদ্রাবাজারে তারল্য বাড়বে: গভর্নর
দেশের সামষ্টিক অর্থনীতির বিভিন্ন সূচকের ইতিবাচক পরিবর্তন ব্যাখ্যা করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেছেন, শিগগিরই দেশের মুদ্রাবাজারে তারল্যপ্রবাহ বাড়বে। একই সঙ্গে ব্যাংক সুদের হারও স্থিতিশীল হবে বলে আশা প্রকাশ করেন তিনি। খবর ইউএনবির।ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল শনিবার অগ্রণী ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান খন্দকার বজলুল হক। সম্মেলনে সারা দেশের প্রায় এক হাজার ২০০ জন শাখা ব্যবস্থাপক অংশ নেন।গভর্নর আরও বলেন, সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বিনা সুদে ১০০ কোটি মার্কিন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে যা কিনা দেশের সার্বিক লেনদেনের ভারসাম্য আনতে সাহায্য করবে। বর্তমানে বাণিজ্যিক ব্যাংকের খেলাপি ঋণের হার ও পরিমাণ ভবিষ্যতে কমে আসবে বলেও মন্তব্য করেন তিনি।এ সময় গভর্নর ব্যাংকের ব্যবস্থাপকদের সততা, আন্তরিক ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করতে অনুরোধ জানান। একই সঙ্গে গ্রাহকেরা যেন হয়রানির শিকার না হন, সেদিকে লক্ষ রাখার পরামর্শ দেন তিনি। সম্মেলনে আরও বক্তব্য দেন অগ্রণী ব্যাংকের পরিচালক জাকির আহমেদ, লুনা শামসুদ্দোহা, শাহজাদা মহিউদ্দিন, সৈয়দ বজলুর করিম, কে এম এন মনজুরুল হক। উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবদুল হামিদ।