শিগগিরই সবুজ ব্যাংকিং বিষয়ে নির্দেশনা দেবে কেন্দ্রীয় ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুব শিগগির বাংলাদেশ ব্যাংক সবুজ ব্যাংকিং (গ্রিন ব্যাংকিং) বিষয়ে নির্দেশনা জারি করবে। মূলত পরিবেশবান্ধব বিনিয়োগকে উৎসাহ জোগাতে এই নির্দেশনা দেওয়া হবে।কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেছেন, এই নির্দেশনাকে মূল ধরে ব্যাংকগুলো তাদের নিজস্ব নীতিমালা তৈরি করে সেই আলোকে পরিবেশবান্ধব ব্যাংকিং নীতিমালা ও কৌশলগত পরিকল্পনা গ্রহণ করবে।রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) আয়োজনে সবুজ ব্যাংকিং-বিষয়ক এক কর্মশালার উদ্বোধন করতে গিয়ে গতকাল বুধবার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এসব কথা জানান।কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের দ্বিতীয় গভর্নর এ কে এন আহমেদ বিশেষ অতিথি ছিলেন। বিআইবিএমের মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধুরী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।সবুজ ব্যাংকিং বিষয়ে নির্দেশনা দেওয়ার প্রাক-প্রস্তুতি হিসেবে এই কর্মশালার আয়োজন করা হয়। এর পরও নির্দেশনা চূড়ান্ত করার আগে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মতামত নেওয়া হবে বলে জানান গভর্নর।এ কে এন আহমেদ অনুষ্ঠানে বলেন, খোলাবাজার কার্যক্রম ও ব্যাংক হার নির্ধারণের কার্যাবলি দিয়ে বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক চলতে পারে। কিন্তু বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রম এ দুইয়ের মধ্যে সীমিত রেখে চলতে পারে না।প্রথিতযশা এই কেন্দ্রীয় ব্যাংকার মনে করেন, এখানে কেন্দ্রীয় ব্যাংকের বড় বোঝাপড়া করতে হয় সরকারের সঙ্গে। সরকার ব্যাংকব্যবস্থা থেকে বেশি টাকা নিলে তাতে মূল্যস্ফীতির ওপর চাপ পড়ে। তাই সেটাকে আটকাতে হবে। পাশাপাশি বিভিন্ন অগ্রাধিকার ও প্রাধান্য খাতে অর্থায়নকে ভারসাম্য রেখে বিতরণের তদারকি ও নজরদারি চালাতে হয়।এ কে এন আহমেদ আরও বলেন, তিনি যখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন, তখন দেশে ব্যাংকের সংখ্যা ছিল মাত্র আটটি, তাও আবার রাষ্ট্রায়ত্ত খাতে। কিন্তু এখন ৫২টি ব্যাংক। বেসরকারি খাতের ব্যাংকের সংখ্যা বেশি থাকায় ব্যাংকের আগ্রহের জায়গা রয়েছে। সেটার সমন্বয় সাধন বড় দায়িত্ব।সাবেক গভর্নর পরিবেশবান্ধব ব্যাংকিং-বিষয়ক নীতি-নির্দেশনা প্রণয়নের উদ্যোগটি অত্যন্ত প্রশংসনীয় বলে মনে করেন।