শিবগঞ্জ থেকে এক হাজার টন আলু রপ্তানি হচ্ছে
বগুড়ার শিবগঞ্জ উপজেলা থেকে এবার প্রায় এক হাজার মেট্রিক টন আলু বিদেশে রপ্তানি হচ্ছে। এ জন্য বিদেশি আমদানিকারক ও দেশীয় রপ্তানিকারকদের স্থানীয় এজেন্ট বা প্রতিনিধিরা এখন আলু সংগ্রহের জন্য এই উপজেলার বিভিন্ন গ্রাম ও হাটবাজার চষে বেড়াচ্ছেন।সরেজমিনে গত বুধবার উপজেলার কিচক হাটে দেশি-বিদেশি ব্যবসায়ীদের স্থানীয় এজেন্ট বা প্রতিনিধিদের বাছাই করে নিখুঁত আলু কিনতে দেখা গেছে। এজেন্টরা জানান, তাঁরা বিদেশি আমদানিকারকদের চাহিদা অনুযায়ী শিবগঞ্জের বিভিন্ন গ্রাম ও হাটবাজার থেকে দেশীয় পাইকড় জাতের আলু ১১ টাকা, ডায়মন্ড নয় টাকা, কার্ডিনাল নয় টাকা ও গ্যানোলা জাতের আলু আট টাকা কেজি দরে কিনে নেন। এরপর প্রতিটি ব্যাগে ১০ কেজি ২০০ গ্রাম আলু ভরে চট্টগ্রাম সমুদ্রবন্দর পর্যন্ত পৌঁছে দিয়ে কেজিপ্রতি ১৫ থেকে ১৭ টাকা করে পান।বিদেশি আমদানিকারক ও দেশীয় রপ্তানিকারকদের স্থানীয় এজেন্ট বা প্রতিনিধিরা জানান, এবারে শিবগঞ্জ থেকে প্রায় এক হাজার মেট্রিক টন আলু রপ্তানি হবে। স্থানীয় এজেন্ট সোবহান আলী জানান, শিবগঞ্জ থেকে কেনা এসব আলু সৌদি আরব, মালয়েশিয়া, দুবাই ও শ্রীলঙ্কার বাজারে যাচ্ছে।শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, বিদেশিরা ছাল উঠানো আলু চায় না। রপ্তানির আলু হতে হবে পরিপুষ্ট। প্রতিটি আলুর ওজন হতে হবে কমপক্ষে ১০০ গ্রাম।