শিবগঞ্জে পাটের ভালো দাম পেয়ে চাষিরা খুশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পাটের আঁশ ছাড়াচ্ছেন কিষানিরা। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পাটের আঁশ ছাড়াচ্ছেন কিষানিরা। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাটচাষিরা এবার ভালো দাম পেয়ে খুশি। পর্যাপ্ত বৃষ্টিপাত ও অনুকূল আবহাওয়ার কারণে পাটের উৎপাদন যেমন ভালো হয়েছে, তেমনি খাল-বিল ও ডোবায় পানি থাকায় পাট জাগ দিতেও চাষিদের অসুবিধায় পড়তে হয়নি।
শিবগঞ্জের মনাকষা থেকে তারাপুর যেতে চোখে পড়ে রাস্তার দুই ধারে জলাশয়ের পাশে জাগ দেওয়া পাটগাছ থেকে বহু নারী-পুরুষের পাট ছাড়ানোর বিশাল কর্মযজ্ঞ।
পাটচাষি আনারুল ইসলাম জানান, খালে-বিলে পানির অভাবে বিগত কয়েক বছর পাট জাগ দিতে সমস্যায় পড়তে হয়েছে। এ কারণে ক্রমেই এখানে পাটের চাষ কমে যাচ্ছিল। কিন্তু এবার পর্যাপ্ত বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়াও ছিল অনুকূল। ফলনও হয়েছে ভালো। পাটের দামও ভালো পেয়েছেন তাঁরা।
চাষিরা জানালেন, মেস্তা জাতের পাট এবার বিক্রি করেছেন এক হাজার ১০০ টাকা মণ দরে। অথচ গত বছর এ জাতের পাট বিক্রি করতে হয়েছে ৮০০ টাকা মণ দরে।
তারাপুর ঠুটাপাড়ার বৃক্ষপ্রেমিক কার্তিক পরামানিক জানান, তিনি পাট বিক্রির টাকায় কিনেছেন ৫০ মণ ধানও।
মনাকষা বাজারের আড়তদার সফিকুল ইসলাম জানান, এখান থেকে সপ্তাহে ছয়-সাত ট্রাক পাট খুলনা, রাজশাহীসহ অন্যান্য স্থানে যাচ্ছে। প্রতি ট্রাকে পরিবহন করা হচ্ছে ২৫০ থেকে ৩০০ মণ পাট। তিনি বলেন, ‘এখন তোষাপাট বিক্রি হচ্ছে এক হাজার ৪০০ থেকে এক হাজার ৫০০ টাকা মণ দরে।’
শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আহমেদুল ফারুক জানান, এ এলাকায় এবার প্রায় চার হাজার বিঘা জমিতে পাট চাষ হয়েছে। ফলনও হয়েছে ভালো। কৃষকেরাও ভালো দাম পাচ্ছেন।