শিলচরের শিল্পমেলায় যোগ দিয়েছে ২৬টি বাংলাদেশি প্রতিষ্ঠান
ভারতের আসাম রাজ্যের শিলচর জেলা সদরে শুরু হয়েছে চতুর্থ বরাক ভ্যালি ইন্টারন্যাশনাল এক্সপো-২০১২। গত বৃহস্পতিবার সন্ধ্যায় শিলচরের টাউন ক্লাব ময়দানে আয়োজিত এই মেলা যৌথভাবে আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সাংসদ কবীন্দ্র পুরকায়স্থ এবং কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার আবিদা ইসলাম। মেলা চলবে ১১ জানুয়ারি পর্যন্ত। মেলার আয়োজক সংস্থা ভিজুয়াল ভয়েস। সহযোগিতায় রয়েছে ইন্ডিয়ান ট্রেড প্রমোশন অর্গানাইজেশন বা আইটিপিও। কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনে নিযুক্ত প্রথম সচিব (বাণিজ্য) মো. ওমর ফারুক প্রথম আলোকে জানান, এবারের এই মেলায় বাংলাদেশের ২৬টি প্রতিষ্ঠান যোগ দিয়েছে। এসব প্রতিষ্ঠান বাংলাদেশের নানা শিল্পজাত পণ্য নিয়ে এসেছে। মেলায় জামদানি শাড়ি, রাজশাহী সিল্ক, টাঙ্গাইল শাড়ি, ম্যালামাইন সামগ্রী, প্রসাধনসামগ্রী, কুটির ও হস্তশিল্পজাত পণ্য, খাদ্যজাত বিভিন্ন পণ্য আছে। মেলার শুরুর দিন থেকে বাংলাদেশ প্যাভিলিয়নে ভিড় লেগে আছে।