শিলিগুড়িতে সোনালী ব্যাংকের ব্যবসা বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার মহকুমা শহর শিলিগুড়িতে বাংলাদেশের সোনালী ব্যাংক লিমিটেডের ব্যবসা উত্তরোত্তর বাড়ছে। গত এক বছরে সোনালী ব্যাংকের এ শাখায় আমদানি-রপ্তানি ১৯ শতাংশ বেড়েছে। ভারতে সোনালী ব্যাংকের আরেকটি শাখা রয়েছে কলকাতায়।সোনালী ব্যাংকের শিলিগুড়ি শাখার যাত্রা শুরু হয়েছিল ২০০১ সালে। এ শাখার ব্যবস্থাপক মোদাচ্ছের হাসান সম্প্রতি শিলিগুড়িতে প্রথম আলোকে বলেন, ভারতের বর্তমান অর্থবছরের আগস্ট পর্যন্ত প্রথম পাঁচ মাসে আমদানি-রপ্তানির ব্যবসায় তাঁদের মোট লেনদেন হয়েছে ৩১ লাখ মার্কিন ডলার, যা গত অর্থবছরের একই সময়ের ২৬ লাখ ডলারের লেনদেনের চেয়ে ১৯ শতাংশ বেশি।শিলিগুড়ি হলো ভারতের উত্তর-পূর্বাঞ্চলের আটটি রাজ্যের প্রবেশদ্বার। সে জন্য সোনালী ব্যাংকের এই শাখায় হিসাব খুলেছে আসাম, বিহার, দিনাজপুর, জলপাইগুড়ি ও কোচবিহারের বেশ কিছু ব্যবসায়ী। এই শাখায় আমদানি-রপ্তানিকারকদের ৩৩৫টি চলতি হিসাব রয়েছে।মোদাচ্ছের হাসান আরও বলেন, ভারতের বিভিন্ন ব্যাংকের সঙ্গে প্রতিযোগিতা করে টিকে থাকতে হলে এখন সোনালী ব্যাংকের শিলিগুড়ি শাখায় অনলাইন ব্যাংকিং ও এটিএম বুথ চালু করা প্রয়োজন, যা সম্প্রতি শিলিগুড়ি শাখা পরিদর্শনে আসা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. হুমায়ুন কবীরকে অবহিত করা হয়েছে।হুমায়ুন কবির শিলিগুড়ির ব্যবসায়ী তথা সোনালী ব্যাংকের গ্রাহকদের সঙ্গে বৈঠক করেন। তখন গ্রাহকেরাও সোনালী ব্যাংকের শিলিগুড়ি শাখায় ইন্টারনেট ব্যাংকিং ও একটি এটিএম বুথ খোলার দাবি জানান।