শিল্প উৎপাদন সূচকের নতুন ভিত্তিবছর চূড়ান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে শিল্প উৎপাদনের পরিমাণ সূচক (কোয়ান্টাম ইনডেক্স অব ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন বা কিউআইআইপি) হালনাগাদ করা হচ্ছে। এই সূচক নির্ধারণের জন্য নতুন ভিত্তিবছর গ্রহণ ও জরিপের জন্য শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যা বাড়ানোর বিষয়টি আনুষ্ঠানিকভাবে গতকাল মঙ্গলবার অনুমোদন করা হয়েছে।বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সম্মেলনকক্ষে গতকাল অনুষ্ঠিত জাতীয় হিসাব অনুশাখার প্রয়োগিক কৌশলসংক্রান্ত কমিটির এক সভায় এ-সংক্রান্ত অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।সভায় শিল্প উৎপাদন সূচকের নতুন ভিত্তিবছর হিসেবে ২০০৫-০৬ অর্থবছরকে চূড়ান্ত করা হয়েছে। অর্থাৎ এখন থেকে শিল্প খাতের উৎপাদনের গতি-প্রকৃতি নির্ণয় করা হবে ২০০৫-০৬ অর্থবছরের ভিত্তিতে।এত দিন পর্যন্ত ১৯৮৮-৮৯ ভিত্তিবছর ধরে এই হিসাব নির্ণয় করে আসছিল। এতে নমুনা হিসেবে ৮০২টি শিল্পপ্রতিষ্ঠান থেকে তথ্য-উপাত্ত সংগ্রহ করা হতো। কিন্তু দেশে গত দুই যুগে নতুন অনেক শিল্পপ্রতিষ্ঠান হয়েছে। নতুন নতুন খাত উঠে এসেছে। আবার পুরোনো অনেক শিল্প খাতের উৎপাদন কমে গেছে। আর তাই অনেক দিন ধরেই এ ভিত্তিবছর হালনাগাদ করা এবং জরিপের জন্য নমুনার আয়তন বাড়ানোর কথা বলা হয়েছে।জানা গেছে, আগামী এক-দেড় মাসের মধ্যেই নতুন ভিত্তিবছর ধরে শিল্প উৎপাদন সূচক আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা শুরু হবে।এ ছাড়া সভায় মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ভিত্তিবছর হিসাবে ১৯৯৫-৯৬ অর্থবছরের বদলে ২০০৫-০৬ অর্থবছরকে গ্রহণ করার বিষয়ে আলোচনা হয়।ইতিমধ্যে অর্থনীতির নতুন নতুন খাত অন্তর্ভুক্ত করে জিডিপির খাতের পরিধি বাড়ানোর এবং তার সঙ্গে মিলিয়ে নতুন ভিত্তিবছর গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। সে অনুসারে বিবিএস কাজও করছে।গতকালের সভায় নতুন ভিত্তিবছর ও নতুন খাতসহ জিডিপির প্রাক্কলন পদ্ধতি নিয়ে বিস্তারিত পর্যালোচনার পর আরও কয়েকটি বিষয়ে আরেক দফা পরীক্ষা-নিরীক্ষা করার সিদ্ধান্ত হয়। আর সেই পরীক্ষা-নিরীক্ষার পর পরবর্তী সভায় পুরো বিষয়টি অনুমোদনের জন্য উপস্থাপন করতে বলা হয়। ফলে সভায় আনুষ্ঠানিকভাবে জিডিপির নতুন ভিত্তিবছর অনুমোদন করা হয়নি।এ ছাড়া ক্রয় ক্ষমতার সমতা (পারচেজিং পাওয়ার প্যারিটি বা পিপিপি) নির্ণয় ও পিপিপিভিত্তিক জিডিপি প্রাক্কলনের জন্য বিবিএস যে পদ্ধতিতে কাজ করছে, তা যথাযথভাবে হচ্ছে বলে সভায় অভিমত প্রকাশ করা হয়। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কারিগরি ও আর্থিক সহায়তায় আন্তর্জাতিক তুলনা কর্মসূচির (ইন্টারন্যাশনাল কমপারিজন প্রোগ্রাম বা আইসিপি-২০১১) আওতায় এই কাজ চলছে।