শিল্প ঋণের টাকা ফেরত দেওয়ার সময়সীমা বৃদ্ধি
শেয়ারবাজারে ভয়াবহ ধসের পর অবশেষে পুঁজিবাজারে খাটনো শিল্প ঋণের টাকা ফেরত দেওয়ার সময়সীমা ৩১ জানুয়ারির পরিবর্তে ১৫ ফেব্রুয়ারি করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আজ রোববার বিকেলে বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জিয়াউল হাসান সিদ্দিকী জানান, শিল্প ঋণ গ্রহীতাদের চিহ্নিত করার সময়সীমা ৩১ ডিসেম্বরের পরিবর্তে ১৫ জানুয়ারি এবং জমা দেওয়ার সময়সীমা ৩১ জানুয়ারি থেকে বাড়িয়ে ১৫ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে।আরেক ডেপুটি গভর্নর নজরুল হুদা জানান, এখন থেকে পুঁজিবাজারসংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংক ও এসইসির কর্মকর্তাদের সমন্বয়ের মাধ্যমে নেওয়া হবে।জানা যায়, আজ রোববার ডিএসইতে ভয়াবহ ধসের ঘটনা ঘটে। এর ফলে সাধারণ সূচক ৫৭১ দশমিক ৭৬ পয়েন্ট নেমে যায়। একই সঙ্গে লেনদেন হওয়া প্রায় সব প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমে। এতে চিন্তিত হয়ে পড়ে খোদ নিয়ন্ত্রক সংস্থা এসইসি। এসইসি আজ বিকেলে কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে কেন্দ্রীয় ব্যাংককে বিভিন্ন বিষয়ে অবহিত করে।বৈঠকে অন্যান্যের মধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, ডেপুটি গভর্নর নজরুল হুদা, জিয়াউল হাসান সিদ্দিকী, মুরশিদ কুলী খান, এসইসির চেয়ারম্যান জিয়াউল হক খোন্দকার, নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ, সদস্য ইয়াসিন আলী ও অপর সদস্য মনসুর আলম উপস্থিত ছিলেন।