শিল্প ও বিনিয়োগবান্ধব বাজেট, প্রতিক্রিয়ায় এফবিসিসিআই
দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে শিল্পসহায়ক ও বিনিয়োগবান্ধব বলে মন্তব্য করেছে।
এফবিসিসিআইয়ের নবনির্বাচিত সভাপতি আবদুল মাতলুব আহমাদ এক সংবাদ সম্মেলনে আজ বৃহস্পতিবার বাজেট ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন।
মাতলুব আহমাদ বলেন, দেশের রাজনৈতিক অস্থিরতাসহ বিভিন্ন ধরনের সমস্যার মধ্যেও দেশের ব্যবসায়ীরা টিকে আছেন। ব্যাংকঋণে উচ্চ সুদহার, শুল্ক বাধা, অবকাঠামো সমস্যার কারণে কয়েক বছর ধরে বিনিয়োগে স্থবিরতা দেখা দিয়েছে। এই স্থবিরতা কাটাতে প্রস্তাবিত বাজেটে আটটি বড় অবকাঠামো প্রকল্প বাস্তবায়নে বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে। ৩০টি অর্থনৈতিক অঞ্চল অনুমোদনের কথা বলা হয়েছে। ১৫ বছরের মধ্যে আরও ১০০টি অর্থনৈতিক অঞ্চল গড়ার পরিকল্পনার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। এসব সিদ্ধান্ত শিল্প খাতে বড় ধরনের পরিবর্তন আনবে।
এফবিসিসিআইয়ের সভাপতি বলেন, প্রস্তাবিত বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা, অবকাঠামো, আইনশৃঙ্খলা, কর্মসংস্থান ইত্যাদি খাতে গত অর্থবছরের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এসব পদক্ষেপ যথাযথভাবে বাস্তবায়ন করা প্রয়োজন।
ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়ের সীমা বাড়ানোকে ইতিবাচক মন্তব্য করে মাতলুব বলেন, এফবিসিসিআই ব্যক্তির করমুক্ত আয়সীমা ২ লাখ ৭৫ হাজার টাকা করার প্রস্তাব করেছিল। কিন্তু প্রস্তাবিত বাজেটে এ সীমা ২ লাখ ৫০ হাজার টাকা করা হয়েছে। তা ছাড়া প্রস্তাবিত বাজেটে রাজস্ব ও মুদ্রানীতির সমন্বয় করা, ব্যাংকঋণের সুদের হার কমানোর দিকনির্দেশনা দেওয়ার আহ্বান জানান তিনি।
নিটল-নিলয় গ্রুপের এই চেয়ারম্যান আরও বলেন, প্রস্তাবিত বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে, যা ব্যবসায়ীদের জন্য ইতিবাচক।