শিল্প করিডরে ব্যবহার করা হবে ফাঁকা জমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা থেকে যশোর যাওয়ার সড়কের দুই পাশে যে শিল্প করিডর প্রতিষ্ঠার পরিকল্পনা করা হচ্ছে, তাতে ফাঁকা ও অপেক্ষাকৃত কম বসতির এলাকাগুলো বেছে নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলাম। তিনি বলেছেন, অর্থনৈতিক অঞ্চলে একটি নির্দিষ্ট এলাকার জমির পুরোটাই ব্যবহার হয়। কিন্তু শিল্প করিডরে পুরো এলাকা নয়, বেছে বেছে জমি ব্যবহার করা যায়।

ভারত ও মালয়েশিয়ার শিল্প করিডরগুলো নিয়ে এক অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিডার তিন কর্মকর্তা সম্প্রতি ভারত ও মালয়েশিয়ার এসব শিল্প করিডর ঘুরে এসে তাঁদের অভিজ্ঞতা, বাংলাদেশের করণীয় ও সুপারিশ উল্লেখ করে একটি উপস্থাপনা তুলে ধরেন। গতকাল রোববার রাজধানীর দিলকুশায় বিডার কার্যালয়ে এ অনুষ্ঠানটি হয়।

আঞ্চলিক অর্থনৈতিক করিডরের অংশ হিসেবে দেশের মহাসড়কগুলো ঘিরে সরকার শিল্প করিডর প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েছে। প্রথমেই এ ধরনের একটি করিডর প্রতিষ্ঠার চিন্তা করা হচ্ছে ঢাকা-যশোর পথে। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এ শিল্প করিডরের সম্ভাব্যতা নিয়ে একটি সমীক্ষা করছে।

কাজী আমিনুল ইসলাম বলেন, যশোর-খুলনা-বাগেরহাট-গোপালগঞ্জ, যশোর-মাগুরা- ফরিদপুর-ঢাকা, যশোর-নড়াইল-কাশিয়ানী-ভাঙ্গা-ঢাকা, যশোর- খুলনা-বাগেরহাট -গোপালগঞ্জ-কাশিয়ানী-ভাঙ্গা—এগুলো শিল্প করিডরের প্রাথমিক বিবেচনায় থাকা স্থান। এর মধ্যে কোন জায়গায় খালি জমি, কোথায় তিন ফসলি জমি নষ্ট কম হবে ইত্যাদি নানা বিষয় বিবেচনায় নিয়ে শিল্প করিডর করার সিদ্ধান্ত হবে। বিডার আগামী বোর্ড সভায় শিল্প করিডর বিষয়ে একটি ধারণাপত্র প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরা হবে বলেও উল্লেখ করেন তিনি।

ভারত ও মালয়েশিয়ার শিল্প করিডর নিয়ে অভিজ্ঞতা তুলে ধরেন বিডার নির্বাহী সদস্য মোহাম্মদ আলতাফ হোসেন। তিনি বলেন, ভারত ছয়টি শিল্প করিডর প্রতিষ্ঠা করছে। এর মধ্যে দিল্লি-মুম্বাই ইন্ডাস্ট্রিয়াল করিডরের (ডিএমআইসি) দৈর্ঘ্য প্রায় দেড় হাজার কিলোমিটার। এতে ভারত প্রায় ১০ হাজার কোটি বা ১০০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। অন্যদিকে মালয়েশিয়ার ইস্কান্দার মালয়েশিয়া ইকোনমিক করিডরের আয়তন ২ হাজার ২১৭ বর্গকিলোমিটার, যা সিঙ্গাপুরের তিন গুণ।

আলতাফ হোসেন বলেন, এসব শিল্প করিডর ঘিরে আধুনিক শহর, শিক্ষা ও চিকিৎসা প্রতিষ্ঠান, পর্যটনকেন্দ্রসহ অনেক কিছুই গড়ে তোলা হচ্ছে। এসব করিডর থেকে বাংলাদেশের শিক্ষণীয় সম্পর্কে তিনি বলেন, বাংলাদেশকে এমন জমি নিতে হবে যা মূলত অব্যবহৃত থাকে। এ প্রকল্প সম্পর্কে স্থানীয় ব্যক্তিদের উৎসাহী করে তুলতে হবে।

অনুষ্ঠানে বিডা ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।