শিল্প কারখানাকে এসইজেডে নিয়ে যাওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভবিষ্যতে শিল্পকারখানা বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এসইজেড) নিয়ে যাওয়ার জন্য দেশি-বিদেশি উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী। 

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, ‘ভবিষ্যতে শিল্পগুলোকে এসইজেডে নিয়ে যান। আমরা সেখানে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ দেব। তাহলে আমাদের জন্য সহজ হয়।’ তিনি আরও বলেন, ‘জমি কিনে গ্যাস-বিদ্যুৎ সংযোগ নিয়ে বর্তমানে কারখানা করা কঠিন। তাই আমরা চাচ্ছি, যাঁরা শিল্প করতে চান তাঁরা এসইজেডে যান। সেখানে আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে।’
রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে আজ শনিবার আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী। ঢাকা চেম্বার আয়োজিত এই সেমিনারে সভাপতিত্ব করেন চেম্বারের সভাপতি হোসেন খালেদ।
সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গ্যাস ও বিদ্যুৎ খাতের লক্ষ্যমাত্রায় শিল্পের সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক এই সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন বুয়েটের অধ্যাপক ম তামিম। সেমিনারে স্বাগত বক্তব্য দেন ঢাকা চেম্বারের সহসভাপতি হুমায়ুন রশীদ।