শিল্প-কারখানার ভাড়ার ওপর মূসক প্রত্যাহারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্প-কারখানার ভাড়ার ওপর নির্ধারিত ৯ শতাংশ হারে মূল্য সংযোজন কর (মূসক) প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)। একই সঙ্গে সরকার নির্ধারিত অগ্রাধিকার খাতভুক্ত শিল্পে কালো টাকা বিনিয়োগের সুযোগ চেয়েছে সংস্থাটি।গতকাল শনিবার এক লিখিত বাজেট প্রতিক্রিয়ায় এসব দাবি জানানো হয়। বিসিআই বলছে, ২০১১-১২ অর্থবছরের বাজেটে রপ্তানি আয়ের ওপর দেড় শতাংশ হারে অগ্রিম আয়করের যে প্রস্তাব করা হয়েছে, তা দেশের রপ্তানি বাণিজ্যকে নিরুৎসাহিত করবে। তাই এই হার কমিয়ে যথোপযুক্ত করা দরকার। এ ছাড়া বাজেটে নারী উদ্যোক্তাদের জন্য যেসব ব্যবস্থা রাখা হয়েছে, তা কার্যকর করতে সুনির্দিষ্ট বিধিবিধান প্রণয়ন করতে হবে।প্রস্তাবিত বাজেটে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার ঘোষণাকে স্বাগত জানিয়ে বিসিআই বলছে, এসব অঞ্চল পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের প্রয়োজনে খাতভিত্তিক অবস্থান এবং উদ্যোক্তাদের জন্য ওয়ান-স্টপ সার্ভিসের (অবকাঠামোসহ) ব্যবস্থা রাখতে হবে।ঘাটতি বাজেট মেটাতে সরকার অভ্যন্তরীণ ব্যাংকব্যবস্থা থেকে ঋণ নেওয়ার যে ঘোষণা দিয়েছে, তাতে বেসরকারি শিল্প মূলধনের সরবরাহ যাতে বাধাগ্রস্ত না হয়, সেদিকে বিশেষ নজর দেওয়ার জন্যও সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া প্রস্তাবিত বাজেটে দেশীয় শিল্প সুরক্ষায় ঘোষিত বিভিন্ন পদক্ষেপ, লেনদেনের ওপর আরোপিত করহার কমানো, কাস্টমস বন্ড নবায়নের মেয়াদ বাড়ানোর প্রস্তাবকে স্বাগত জানিয়েছে বিসিআই।