শিল্প খাতে ঋণ বাড়ানোর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) দেশের শিল্প খাতে বিনিয়োগ জোরদার করতে মেয়াদি ঋণ বিতরণ উল্লেখযোগ্য হারে বাড়ানোর দাবি জানিয়েছে।সংগঠনটির সদ্য প্রকাশিত ‘বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা’ শীর্ষক প্রতিবেদনে এ দাবি জানানো হয়। চলতি ২০১২-১৩ অর্থবছরের অক্টোবর-ডিসেম্বর সময়ের ওপর এ প্রতিবেদন তৈরি করা হয়। এতে বলা হয়, শিল্প খাতে বিনিয়োগ বাড়াতে হলে চলতি ২০১২-১৩ অর্থবছরের বাকি মাসগুলোতে মেয়াদি ঋণের বিতরণের প্রবাহ উল্লেখযোগ্য হারে বাড়ানো উচিত।প্রতিবেদনটিতে সাম্প্রতিককালে জ্বালানি তেলের দাম বাড়ানোর কারণে আগামী মাসগুলোতে দেশে মূল্যস্ফীতি আরও বাড়ার আশঙ্কা ব্যক্ত করা হয়েছে।দেশের সার্বিক অর্থনীতি পর্যালোচনা করে সংগঠনটি বলেছে, বিদ্যুৎ ও জ্বালানির ঘাটতি, অবকাঠামোর অপর্যাপ্ততা, প্রশাসনে জবাবদিহির অভাব, নিয়ন্ত্রণে অদক্ষতা, বিনিয়োগে স্থবিরতা, রাজনৈতিক অনিশ্চয়তা—এগুলো দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের পথে প্রতিবন্ধকতা হয়ে আছে।সংগঠনটির মতে, বিদ্যুৎ-পরিস্থিতির উল্লেখযোগ্য অগ্রগতির ফলে চলতি অর্থবছরের দ্বিতীয় ত্রৈমাসিকে শিল্প খাতে গত বছরের মতো (৯.৪৭ শতাংশ) প্রবৃদ্ধি হয়েছে। তবে এ খাতে প্রবৃদ্ধি অর্জনের যতটা সম্ভাবনা আছে তা মেয়াদি ঋণ বিতরণ, বেসরকারি খাতে ঋণপ্রবাহ ও মূলধনি যন্ত্রপাতির আমদানি হ্রাস এবং অবকাঠামোগত সমস্যার কারণে ব্যাহত হতে পারে।রাজস্ব আয়ের বার্ষিক লক্ষ্যমাত্রা অর্জনে কর সংগ্রহ কার্যক্রম আরও নিবিড় করতে হবে বলে সংগঠনটি সরকারকে পরামর্শ দিয়েছে। নিজস্ব এক জরিপের ভিত্তিতে এমসিসিআই বলেছে, চলতি ২০১২-১৩ অর্থবছরের প্রথমার্ধে দেশের শিল্প খাতে সার্বিকভাবে উৎপাদন ও বিনিয়োগ বেড়েছে। এই সময়ে কর্মী ছাঁটাইও হয়েছে খুবই কম। সংগঠনের সদস্য প্রতিষ্ঠানগুলোর ওপর এ জরিপ করা হয়। এতে তারা রাজনৈতিক সংঘাত, ভৌত অবকাঠামোর দুর্বলতা এবং ঋণ পাওয়ার চেয়েও গ্যাস-বিদ্যুতের সমস্যাকে উৎপাদনের জন্য সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হিসেবে উল্লেখ করেছে। তাদের মতে, এসব সমস্যার সুষ্ঠু সমাধান করাই এখন সরকারের জন্য চ্যালেঞ্জ।বিশ্বব্যাংক ও জাতিসংঘের সম্প্রতি প্রকাশিত দুটি আলাদা প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে এমসিসিআই জানায়, তারা চলতি ২০১২-১৩ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি যথাক্রমে ৫ দশমিক ৮ শতাংশ ও ৬ দশমিক ৩ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে, যা সরকারের লক্ষ্যমাত্রা ৭ দশমিক ২ শতাংশের চেয়ে কম। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাহিদায় দুর্বলতা, অবকাঠামোগত ঘাটতি ও বিনিয়োগের ক্ষেত্রে বিরাজমান প্রতিবন্ধকতার কারণে প্রবৃদ্ধি কম হবে। তবে এমসিসিআই মনে করে, বৈশ্বিক অর্থনৈতিক সংকটের বিরূপ প্রভাব কাটিয়ে বাংলাদেশ উন্নয়ন ও প্রতিযোগিতায় অন্য অনেক দেশের চেয়ে ভালো করছে। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের অর্থনীতি ভালো অবস্থানে রয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশ শ্রীলঙ্কার পেছনে অর্থাৎ দ্বিতীয় স্থানে আছে। তবে এ দেশের সামষ্টিক অর্থনীতিতে এখনো মূল্যস্ফীতি এবং সরকারের ভর্তুকি ও বাজেট ঘাটতিসহ কিছু সমস্যা রয়ে গেছে। এমসিসিআই বলেছে, কিছু খাদ্যপণ্যের (চাল, আটা, মাছ, ডাল, মাংস, সবজি, দুধ ও মসলা সামগ্রী) দাম বাড়ায় দেশে ২০১২ সালের নভেম্বরে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি শূন্য দশমিক ৪৭ শতাংশীয় পয়েন্ট বেড়ে ৭ দশমিক ৬৯ শতাংশে উঠেছে, যা দুই মাস আগে অক্টোবরে ছিল ৭ দশমিক ২২ শতাংশ। এর আগে টানা নয় মাস মূল্যস্ফীতি কমেছে, যা একই বছরের জানুয়ারিতে ছিল ১১ দশমিক ৫৯ শতাংশ। বিনিয়োগ বোর্ডের তথ্যের আলোকে এমসিসিআই বলেছে, চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) ২৫ হাজার ৬৫৮ কোটি মার্কিন ডলারের ৪২০টি বিনিয়োগ প্রস্তাব নিবন্ধিত হয়েছে, যা এর আগের প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) চেয়ে ৭৩ শতাংশ বেশি। এ ক্ষেত্রে যৌথ উদ্যোগ ও বিদেশি বিনিয়োগের প্রস্তাব ৩৬৯ শতাংশ বেড়েছে।সংগঠনটির মতে, চলতি অর্থবছরের রপ্তানি আয়ে প্রথম তিন মাসের ২ দশমিক ১ শতাংশ থেকে বেড়ে দ্বিতীয় তিন মাসে ১২ দশমিক ৪ শতাংশে উন্নীত হয়েছে। কিন্তু ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) অর্থনৈতিক সংকট ও যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধি নিম্নপর্যায়ে অব্যাহত থাকলে আগামী মাসগুলোতে রপ্তানি দুর্বল হয়ে পড়তে পারে। সংগঠনটি মনে করে, আলোচ্য তিন মাসে দেশের নির্মাণ খাত ভালো করেছে। বর্তমানে বিভিন্ন সড়ক ও রাজপথের পুনর্গঠন, ঢাকা ও চট্টগ্রামে কয়েকটি ফ্লাইওভার বা উড়ালসেতু নির্মাণ ও বেশ কিছু প্রকল্পের কাজ চলছে। এ ছাড়া প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী-আয়ের প্রবাহ বাড়ায় (২৪.১ শতাংশ প্রবৃদ্ধি) শহর ও গ্রামাঞ্চলে নির্মাণ কর্মকাণ্ড বেড়েছে।