শিল্প খাতে মেয়াদি ঋণ বিতরণ বেড়েছে ৯.৭০ শতাংশ
দেশের শিল্প খাতে মেয়াদি ঋণের প্রবাহ শ্লথ হয়ে পড়েছে। ২০১১-১২ অর্থবছরের মেয়াদি শিল্পঋণের বার্ষিক প্রবৃদ্ধি ঘটেছে ৯ দশমিক ৭০ শতাংশ।বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান থেকে এ তথ্য পাওয়া গেছে। এতে দেখা যায়, গত অর্থবছর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো মেয়াদি শিল্পঋণ হিসেবে ৩৫ হাজার ২৭৮ কোটি ১০ লাখ টাকা বিতরণ করেছে। আর তার আগের অর্থবছর অর্থাৎ ২০১০-১১ অর্থবছরে বিতরণ করা হয়েছিল ৩২ হাজার ১৬৩ কোটি ২০ লাখ টাকা।মূলত জ্বালানিসংকট ও সংকোচনমূলক মুদ্রানীতির প্রভাবে শিল্পঋণের প্রবাহ শ্লথ হয়ে পড়েছে বলে মনে করা হচ্ছে। মেট্রোপলিটন চেম্বার (এমসিসিআই) কিছুদিন আগে অর্থনীতির ওপর যে পর্যালোচনা প্রতিবেদন প্রস্তুত করেছে, তাতেও এ বিষয়টি উল্লেখ করা হয়েছে। এমসিসিআই বলছে, গত অর্থবছরের শিল্প খাতের অন্যতম উপখাত উৎপাদন বা ম্যানুফ্যাকচারিং খাতের সামান্য প্রবৃদ্ধি ঘটেছে। নির্মাণ খাতেও বড় ধরনের অগ্রগতি হয়নি। বেসরকারি খাতে ঋণপ্রবাহ হ্রাসসহ মেয়াদি শিল্পঋণ বিতরণ কমে যাওয়া এবং বিদ্যুৎ ও গ্যাসের সরবরাহ বিঘ্ন ঘটায় এমনটি ঘটেছে।এতে আরও বলা হয়েছে, দেশের বেশির ভাগ বড় শিল্প-কারখানা বিদ্যুৎ সমস্যায় ভুগছে। গত অর্থবছর রপ্তানি আয়ে লক্ষ্যমাত্রা অর্জন করতে না পারার এটাও একটা অন্যতম কারণ। পরিসংখ্যান পর্যালোচনায় দেখা যায়, আলোচ্য অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) মেয়াদি শিল্পঋণ বাবদ সাত হাজার ৪৩৭ কোটি ৪৪ লাখ টাকা বিতরণ করা হয়। দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) তা বেশ খানিকটা বেড়ে হয় নয় হাজার ৮৭৬ কোটি ৮৪ লাখ টাকা। তবে অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) শিল্পঋণ বিতরণ আবার কমে যায়। এই সময়কালে সাত হাজার ৭৫৪ কোটি ৬১ লাখ টাকার শিল্পঋণ বিতরণ হয়। আর শেষ প্রান্তিকে (এপ্রিল-জুন) এসে তা ভালোভাবে বেড়ে হয় ১০ হাজার ২১৮ কোটি ২১ লাখ টাকা।মূলত শেষ প্রান্তিকে এসে মেয়াদি শিল্পঋণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ায় অর্থবছর শেষে মোট শিল্পঋণ বেড়েছে। মেট্রো চেম্বারের প্রতিবেদন থেকে দেখা যায়, জ্বালানি ও বিদ্যুৎ, টেলিযোগাযোগ, ওষুধ, বস্ত্র ও নির্মাণ খাতে মেয়াদি শিল্পঋণের প্রধান অংশ গেছে।বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে আরও জানা যায়, শিল্পঋণ বিতরণের পাশাপাশি বকেয়া শিল্পঋণের আদায়ও বেশ বেড়েছে। ২০১০-১১ অর্থবছরে যেখানে ২৫ হাজার ১৫ কোটি ৮৯ লাখ টাকার বকেয়া ঋণ আদায় হয়েছিল, সেখানে ২০১১-১২ অর্থবছরের তা প্রায় ২১ শতাংশ বেড়ে হয়েছে ৩০ হাজার ২৩৬ কোটি ৭৪ লাখ টাকা।