শিল্প খাতে সিআইপি কার্ড পেলেন ৫৬ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরেন ইনভেস্টরস চেম্বারের সভাপতি রূপালী হক চৌধুরী শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর কাছ থেকে সিআই​পি (শিল্প) ২০১৪ কার্ড নিচ্ছেন l প্রথম আলো
ফরেন ইনভেস্টরস চেম্বারের সভাপতি রূপালী হক চৌধুরী শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর কাছ থেকে সিআই​পি (শিল্প) ২০১৪ কার্ড নিচ্ছেন l প্রথম আলো

শিল্প খাতে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) নির্বাচিত হয়েছেন ৫৬ জন ব্যক্তি। শিল্প স্থাপন, পণ্য উৎপাদন, কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় আয় বৃদ্ধিসহ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তাঁদের সিআইপি নির্বাচন করা হয়।
রাজধানীর একটি হোটেলে গতকাল বৃহস্পতিবার শিল্পমন্ত্রী আমির হোসেন আমু প্রধান অতিথি থেকে এঁদের হাতে সিআইপি কার্ড তুলে দেন। শিল্পসচিব মোশারফ হোসেন ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ।
সাত শ্রেণিতে (ক্যাটাগরি) ২০১৪ সালের জন্য তাঁদের সিআইপি নির্বাচন করা হয়। কার্ড পাওয়ার পর থেকে এক বছরের জন্য সিআইপিরা ব্যবসাসংক্রান্ত ভ্রমণের সময় বিমান, রেলপথ, সড়ক ও জলপথে সরকারি যানবাহনে আসন সংরক্ষণের অগ্রাধিকার পাবেন। সহজে ভিসা পাওয়ার জন্য তাঁদের অনুকূলে পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট দূতাবাসকে ‘লেটার অব ইন্ট্রোডাকশন’ দেবে। বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ-২ ব্যবহারের সুবিধা এবং সচিবালয়ে প্রবেশের পাস পাবেন তাঁরা।
সাত শ্রেণিতে সিআইপি নির্বাচিত ব্যক্তিদের মধ্যে পদাধিকার বলে নির্বাচিত হয়েছেন ১২ জন। তাঁরা হলেন এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ, মেট্রো চেম্বারের সভাপতি রোকিয়া আফজাল রহমান, এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি তপন চৌধুরী, ঢাকা চেম্বারের সভাপতি মোহাম্মদ শাহজাহান খান, বাংলাদেশ চেম্বারের সভাপতি এ কে আজাদ, বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম, ফরেন ইনভেস্টরস চেম্বারের সভাপতি রূপালী হক চৌধুরী, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতির সভাপতি মির্জা নূরুল গণি, বিকেএমইএ সভাপতি এ কে এম সেলিম ওসমান, উইমেন এন্ট্রাপ্রেনিউর সমিতির সভাপতি নাসরীন ফাতেমা আউয়াল, উইমেন চেম্বারের সভাপতি সংগীতা আহমেদ এবং জুট মিলস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শামস-উজ-জোহা।
বৃহৎ শিল্পে সিআইপি কার্ড পেলেন ২১ জন। তাঁরা হলেন এনভয় টেক্সটাইলসের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ, স্কয়ার কনজ্যুমার প্রোডাক্টসের এমডি অঞ্জন চৌধুরী, বিএসআরএম স্টিলসের চেয়ারম্যান আলী হোসাইন আকবর আলী, এসিআই ফরমুলেশনসের চেয়ারম্যান এম আনিস উদ দৌলা, জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিক্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুস ছামাদ মোহাম্মদ রফিকুল ইসলাম, আবদুল মোনেম লিমিটেডের এমডি আবদুল মোনেম, বিআরবি কেব্লসের এমডি পারভেজ রহমান, সুপার রিফাইনারির এমডি সেলিম আহমেদ, ফারিহা নিট টেক্সের এমডি আসাদুল ইসলাম, ইসলাম রি-রোলিংয়ের এমডি আজহারুল ইসলাম, এমআরএস ইন্ডাস্ট্রিজের এমডি শামসুর রহমান, পাহাড়তলী টেক্সটাইল অ্যান্ড হোসিয়ারির এমডি মির্জা সালমান ইস্পাহানি, কসমোপলিটন ইন্ডাস্ট্রিজের পরিচালক তানভীর আহমেদ, ফুজি ইংক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ফারহানা মোনেম, পলো কম্পোজিট নিটের এমডি এম এ জলিল, ইউনিভার্সেল জিন্সের এমডি নাছির উদ্দিন, প্যাসিফিক জিন্সের পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর, জালাল আহমেদ স্পিনিংয়ের এমডি মো. শাহজাহান, রানার অটোমোবাইলসের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, ফার সিরামিকসের চেয়ারম্যান খোদেজা ফরহাদ রুহী এবং জেম জুটের এমডি কাজী ইনাম আহমেদ।
মাঝারি শিল্পে কার্ড পাওয়া নয়জন হলেন সিটাডেল এপারেলসের এমডি মাহিদুল ইসলাম খান, বিডি সি ফুডের পরিচালক বদরুল হায়দার চৌধুরী, অকো-টেক্সের এমডি আবদুস সোবহান, বসুমতী ডিস্ট্রিবিউশনের এমডি জেড এম গোলাম নবী, বিআরবি পলিমারের এমডি মজিবর রহমান, জেমিনি সিফুডের এমডি কাজী শাহেদ আহমেদ, বিডি ফুডসের পরিচালক মোহাম্মদ তাফহীম আল-আজমী, এটলাস সিফুডের এমডি এস এম মিজানুর রহমান এবং ঈগলু ফুডসের পরিচালক এ এস এম মঈনউদ্দিন মোনেম।
ক্ষুদ্র শিল্পে কার্ড পেলেন ছয়জন। তাঁরা হলেন কিয়াম মেটালের এমডি মিজবার রহমান, বেইলী ইয়ার্ন ডাইংয়ের এমডি মাসুদ জামান, ফুটবেড ফুটওয়্যারের এমডি অনিরুদ্ধ কুমার রায়, করিম স্পিনিংয়ের চেয়ারম্যান আবদুল হাই সরকার, আমানতশাহ উইভিং প্রসেসিংয়ের পরিচালক লুৎফা বেগম এবং টেকনোমিডিয়ার এমডি যশোদা জীবন দেবনাথ।
সেবাশিল্পে কার্ড পাওয়া পাঁচজন হলেন নাভানা লিমিটেডের চেয়ারম্যান শফিউল ইসলাম, শেলটেক লিমিটেডের এমডি তৌফিক এম সেরাজ, নাভানা রিয়েল এস্টেটের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম, এসটিএস হোল্ডিংসের এমডি খন্দকার মনির উদ্দীন ও শান্তা প্রপার্টিজের পরিচালক জেসমিন সুলতানা।
মাইক্রো শিল্পের দুজন হলেন আরএমএম লেদারের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মাহিন ও এবি ফ্যাশন মেকারের স্বত্বাধিকারী সানাউল হক বাবুল। কুটিরশিল্পের একজন হলেন জননী উইভিং ফ্যাক্টরির স্বত্বাধিকারী রফিকুল ইসলাম।