আজ এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন সিআইপিদের পরিচয়পত্র দেওয়া হবে
শিল্প খাতে সিআইপি মর্যাদা পাচ্ছেন ৩৫ উদ্যোক্তা
এবার বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সিআইপি মর্যাদা পাচ্ছেন ৩৫ জন শিল্পোদ্যোক্তা। দেশের শিল্প খাতে বিশেষ অবদানের জন্য ছয়টি ক্যাটাগরি বা শ্রেণীতে দেওয়া হচ্ছে এ পুরস্কার।রাজধানীর সোনারগাঁও হোটেলে আজ বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন সিআইপিদের পরিচয়পত্র দেওয়া হবে। তাঁদের নামের তালিকা ইতিমধ্যে গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, বেসরকারি খাতে শিল্প স্থাপন, পণ্য উৎপাদন, কর্মসংস্থান সৃষ্টি ও জাতীয় আয় বৃদ্ধিসহ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এসব শিল্পোদ্যোক্তাদের সিআইপি নির্বাচিত করা হয়েছে।ছয়টি ক্যাটাগরির মধ্যে পদাধিকারবলে আটজন, বৃহৎ শিল্পে ১৩ জন, মাঝারি শিল্পে ছয় জন, ক্ষুদ্র শিল্পে তিনজন, মাইক্রো শিল্পে দুজন এবং সেবাশিল্পে তিনজন সিআইপি মনোনীত হয়েছেন।তালিকা প্রস্তুতকারী শিল্প মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সিআইপি পরিচয়পত্র হাতে পাওয়ার দিন থেকে পরবর্তী এক বছর তাঁরা বেশ কিছু সুযোগসুবিধা পাবেন।শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘বিগত বছরগুলোর ধারাবাহিকতায় শিল্প খাতে বিশেষ অবদানের জন্য এ বছর ৩৫ জনকে সিআইপি মর্যাদা দেওয়া হচ্ছে। আমরা মনে করি রাষ্ট্রীয় এই সম্মান শিল্প উদ্যোগকে আরও গতিশীল করতে উৎসাহ জোগাবে। যাঁরা এই মর্যাদা পাবেন তাঁরা রাষ্ট্রের কল্যাণে আরও বেশি দায়িত্বশীল হবেন বলে আমরা আশা করি।’পদাধিকারবলে সিআইপি মর্যাদা পাচ্ছেন: পদাধিকারবলে বিভিন্ন বাণিজ্যিক সংগঠনের মধ্য থেকে আটজন এই সিআইপি মর্যাদা পাচ্ছেন। তাঁরা হলেন: এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ, আইসিসিআইয়ের সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ, নাসিবের সভাপতি শেখ আবদুস সোবহান, বিজিএমইএর সভাপতি সফিউল ইসলাম, এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলুল হক, ওয়েবের সভাপতি নাসরিন ফাতেমা আউয়াল, বিকেএমইএর সভাপতি এ কে এম সেলিম ওসমান এবং বিজেএসএর সভাপতি মোহাম্মদ শামস উজ জোহা।বৃহৎ শিল্প: এই শ্রেণীতে সিআইপি মনোনীত ১৩ জন হলেন: বিএসআরএম স্টিলসের চেয়ারম্যান আলী হোসাইন আকবর আলী, বার্জার পেইন্টসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রূপালী চৌধুরী, বিআরবি কেবেলর এমডি পারভেজ রহমান, ইউনিভার্সেল জিনসের এমডি নাসির উদ্দীন, এনভয় টেক্সটাইলের এমডি আব্দুস সালাম মুর্শেদী, এমআরএস ইন্ডাস্ট্রিজের এমডি শামসুর রহমান, পাহাড়তলী টেক্সটাইলের এমডি মির্জা সালমান ইস্পাহানী, সুপার রিফাইনারির এমডি সেলিম আহমেদ, আবদুল মোনেম লিমিটেডের এমডি আবদুল মোনেম, পলো কম্পোজিটের এমডি এম এ জলিল, স্কয়ার কনজুমার প্রোডাক্টসের এমডি অঞ্জন চৌধুরী, জিনস ২০০০-এর পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর এবং ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের এমডি সাখাওয়াত হোসেন।মাঝারি শিল্প: এই শ্রেণীতে যে ছয়জন সিআইপি মর্যাদা পাচ্ছেন: এসিআই ফরমুলেশনসের চেয়ারম্যান এম আনিস উদ দৌলা, চিটাগাং ডেনিমের এমডি মোস্তাফিজুর রহমান, কিয়াম মেটালের এমডি মিজবার রহমান, এসরোটেক্সের এমডি মোহাম্মদ আসাদুল ইসলাম, ল্যান্ডমার্ক ফেব্রিকসের চেয়ারম্যান দিপক ভৌমিক এবং মীর সিরামিকের এমডি মীর নাসির হোসেন। ক্ষুদ্র শিল্প: এই শ্রেণীতে সিআইপি মর্যাদা পাচ্ছেন: এফবি ফুটওয়্যারের এমডি অনিরুদ্ধ কুমার রায়, জেম জুটের স্বত্বাধিকারী কাজী নাবিল আহমেদ ও ফার সিরামিকসের চেয়ারম্যান ইফতেখার উদ্দিন ফরহাদ।মাইক্রো শিল্প: এই শ্রেণীতে সিআইপি মনোনীত হয়েছেন দুজন: বিআরবি পলিমারের এমডি মজিবর রহমান ও আরমর গার্মেন্টসের চেয়ারম্যান কুতুব উদ্দিন আহমেদ। সেবাশিল্প: এই শ্রেণীতে সিআইপি মর্যাদা পাচ্ছেন: সিভিল ইঞ্জিনিয়ার্সের এমডি আতিকুর রহমান, ইসলামিয়া আই হসপিটালের চেয়ারম্যান মির্জা আলী বেহরুজ ইস্পাহানী ও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্সের এমডি আবদুল আউয়াল।