শিল্প খাতের করসুবিধা দ্রুত পরিবর্তন না করার তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজস্ব আয় বাড়াতে একই শিল্পপণ্যের ওপর বারবার শুল্কের পরিমাণ না বাড়িয়ে করের আওতা বাড়ানোর পক্ষে মত দিয়েছেন দেশীয় শিল্পোদ্যোক্তারা।উদ্যোক্তারা বলেছেন, দেশীয় শিল্পের বিকাশে ঘন ঘন শুল্ক ও করের পরিমাণ না বাড়িয়ে-কমিয়ে বরং যেকোনো শিল্পের জন্য ঘোষিত করসুবিধা সুনির্দিষ্ট সময় পর্যন্ত বজায় রাখা প্রয়োজন।আসন্ন ২০১৩-১৪ অর্থবছরের বাজেট সামনে রেখে দেশীয় শিল্পবান্ধব শুল্ককাঠামোর সুপারিশ প্রণয়নের লক্ষ্যে আয়োজিত সেমিনারে উদ্যোক্তারা এসব কথা বলেন। রাজধানীর একটি হোটেলে গতকাল রোববার সেমিনারটির আয়োজন করে শিল্প মন্ত্রণালয়।সেমিনারে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া প্রধান অতিথি, শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী, বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান শাহাবউল্লাহ, বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের (বিএফটিআই) প্রধান নির্বাহী কর্মকর্তা মজিবুর রহমান, এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ ও ঢাকা চেম্বারের সভাপতি সবুর খান বিশেষ অতিথি ছিলেন।অতিরিক্ত শিল্পসচিব মো. ফরহাদ উদ্দিনের সভাপতিত্বে সেমিনারে বাংলাদেশ কম্পিউটার সমিতির পরিচালক মোস্তাফা জব্বার, এফবিসিসিআইয়ের পরিচালক আবদুল হক, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন প্রমুখ বক্তব্য দেন। শিল্প মন্ত্রণালয়ের তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।সেমিনারে বক্তারা বলেন, অতিরিক্ত শুল্ক আরোপের ফলে কর ফাঁকি দেওয়ার প্রবণতা তৈরি হয়। এতে সরকার প্রকৃত রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। আমদানি-বিকল্প শিল্পপণ্যের কাঁচামালের ওপর শূন্য শুল্ক নির্ধারণ করা উচিত।উদ্যোক্তারা মেধাভিত্তিক শিল্পায়নের প্রসারে সফটওয়্যার-শিল্পের ওপর কর অবকাশের আওতা তিন বছর বাড়ানো এবং ইন্টারনেট ব্যবহারের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর প্রত্যাহারের পরামর্শ দেন। তাঁরা মুঠোফোন ও ক্র্যাচ কার্ডের ওপর শূন্য শুল্ক নির্ধারণেরও দাবি জানান।শিল্প প্রতিমন্ত্রী সুষম শিল্পায়নের জন্য দীর্ঘমেয়াদি ট্যারিফ নীতিমালা প্রণয়নের তাগিদ দেন। তিনি বলেন, প্রতিবছর শুল্কহার পরিবর্তিত হলে দেশে টেকসই শিল্পায়ন হবে না।