শিল্প খাতের প্রায় সর্বত্র স্থবিরতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবার শুরু হয়েছে অবরোধ। তাতে বেচাবিক্রিও ব্যাপক হারে কমে গেছে। তাই তো রাজধানীর কারওয়ানবাজারে বস্তা ভর্তি আলু নিয়ে চিন্তিত মুখে বসে আছেন একজন পাইকার, যা প্রতিফলিত হয়েছে তাঁর আড়তের আলমারির আয়নায়  সাহাদাত পারভেজ
আবার শুরু হয়েছে অবরোধ। তাতে বেচাবিক্রিও ব্যাপক হারে কমে গেছে। তাই তো রাজধানীর কারওয়ানবাজারে বস্তা ভর্তি আলু নিয়ে চিন্তিত মুখে বসে আছেন একজন পাইকার, যা প্রতিফলিত হয়েছে তাঁর আড়তের আলমারির আয়নায় সাহাদাত পারভেজ

চলমান সহিংস রাজনৈতিক পরিস্থিতি ও টানা হরতাল-অবরোধে দেশের শিল্প-ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা তৈরি হয়েছে। আটকে পড়েছে বিনিয়োগ, উৎপাদনও। উদ্যোক্তারা বলছেন, এ অবস্থা আর কিছুদিন চলতে থাকলে যে অর্থনৈতিক সংকট তৈরি হবে, তা থেকে বের হওয়ার কোনো সুযোগ থাকবে না। বিশ্ববাজার হাতছাড়া হবে।

হরতাল-অবরোধে সড়ক, বন্দর ও গুদাম থেকে পণ্য সরবরাহ কার্যত বন্ধ হয়ে পড়েছে। সরবরাহ বন্ধ থাকায় ব্যবসা-বাণিজ্যও এখন স্থবির। অথচ বন্দরে ও বেসরকারি ডিপোতে পড়ে থাকা পণ্যের মাশুল গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। ব্যাংকঋণের টাকাও পরিশোধ করতে হবে।
ব্যবসায়ীরা বলছেন, স্বাধীনতার পর অনেক কঠোর রাজনৈতিক কর্মসূচি পালন করা হলেও এখনকার মতো পরিস্থিতি কখনো হয়নি। এবারের ক্ষতি অপূরণীয়। রাজনৈতিক কর্মসূচি দিয়ে অর্থনৈতিক কাঠামো ভেঙে ফেলার এমন দৃষ্টান্ত আগে কখনো দেখেননি বলে জানান তাঁরা।

দেশে বিনিয়োগে মন্দা চলছিল অনেক দিন ধরেই। মাঝখানে কিছুটা গতি এসেছে। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে দেখা যায়, বিগত সময়ে শিল্পপণ্য উৎপাদনের যন্ত্রপাতি আমদানি বেশ কিছুটা গতি পেয়েছে।
বিশেষত বস্ত্র ও পোশাক খাতে বড় বিনিয়োগ হয়েছিল ও হচ্ছে। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) হিসাব থেকে জানা যায়, শিল্পের সম্প্রসারণ ও নতুন শিল্প স্থাপন নিয়ে গত জানুয়ারি থেকে নভেম্বর—এই ১১ মাসে দুই হাজার ২০০ কোটি টাকার বিনিয়োগ হয়েছে। উদ্যোক্তারা বলছেন, সেই বিনিয়োগ এখন গলার ফাঁস হয়েছে। এই খাতে শিল্পের ধরনটি ভিন্ন, ২৪ ঘণ্টা কাজ চালাতে হয়।

কিন্তু এখন কোনো কাজ সময়মতো হচ্ছে না। হরতাল-অবরোধে জীবন ও যানের ক্ষতির আশঙ্কায় ট্রাকের মালিকেরা ভাড়ায় যেতে চান না। ইতিমধ্যেই কয়েক শ পণ্যবাহী ট্রাকে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। জীবন ও যানের ক্ষতি বিবেচনায় নিয়ে ১৫ হাজার টাকার ট্রাক ভাড়া এখন এক লাখ টাকা করেছেন মালিকেরা।
এ বিষয়ে বিটিএমএর চেয়ারম্যান জাহাঙ্গীর আলামিন বলেন, ‘আগে যাঁরা বিনিয়োগ করেছেন, বুঝলাম তাঁদের একধরনের সক্ষমতা তৈরি হয়েছে। কিন্তু নতুন যাঁরা বিনিয়োগে এলেন, তাঁদের কী হবে? তাঁরা কীভাবে বিনিয়োগের ফল ঘরে তুলবেন। ব্যাংকের টাকাই বা কীভাবে পরিশোধ করবেন? পুরো বিনিয়োগটাই তো ঝুঁকির মধ্যে চলে গেল।’

স্পিনিংয়ের মতো নিট এবং ওভেন—এই দুই খাতেই ভালো বিনিয়োগ হচ্ছিল। রপ্তানিও বাড়তে শুরু করেছিল। কিন্তু রাজনৈতিক পরিস্থিতিতে ব্যবসায়ীরা রীতিমতো দুর্ভাবনায় পড়েছেন। নিট পোশাক মালিক সমিতির (বিকেএমইএ) সহসভাপতি আসলাম সানীর নিট ও সোয়েটার—দুই ধরনের শিল্পেই বিনিয়োগ আছে। তিনি জানান, দুই খাতেই নতুন বিনিয়োগ কম হলেও সম্প্রসারণে বড় প্রবৃদ্ধি রয়েছে। সংগঠনের হিসাবে ২৫ শতাংশ প্রবৃদ্ধি আছে বিনিয়োগে।
দেশে গ্যাস-বিদ্যুতের সংকটে বিনিয়োগে মন্দা ছিল। সম্প্রতি গ্যাস ও বিদ্যুৎ-সংযোগ দেওয়ার কথা বলা হলেও তা ঠিকমতো মিলছে না। তার পরও ব্যবসায়ীরা ঘুষের বিনিময়ে গ্যাস-সংযোগ নিতে পারছিলেন। সোয়েটারে বিনিয়োগ হচ্ছিল বিপুল পরিমাণে। শ্রমিক অসন্তোষ থাকায় সম্প্রতি বিনিয়োগকারীরা অটোমেশিন স্থাপনে উদ্যোগী হয়েছেন। তাতে যদিও দেশে কর্মসংস্থান বাড়বে না। কিন্তু রপ্তানি আয় বাড়বে।
বিকেএমইএর সাবেক সভাপতি ফজলুল হক জানান, নিট পোশাক খাতে বিদেশি বিনিয়োগকারীরাও আগ্রহ দেখাচ্ছেন। গত সপ্তাহে আমেরিকা ও কোরিয়া থেকে বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে তাঁর সঙ্গে একাধিক বিনিয়োগকারী যোগাযোগ করেছেন।

ওভেন পোশাকে বিনিয়োগে আগ্রহ মূলত ইউরোপীয় ইউনিয়নের অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার বা জিএসপির নতুন রুলস অরিজিন বা উৎস বিধির কারণে। তবে রানা প্লাজা ধসের পর তা কিছুটা থমকে যায়। পরিবর্তিত পরিস্থিতিতে বিদেশি ক্রেতাদের জোট অ্যাকর্ড ও অ্যালায়েন্সের কারণে বিনিয়োগ পরিবেশ তৈরি করতে শিল্প এলাকায় কারখানা স্থানান্তরের বিকল্প আর নেই। তার জন্য কয়েক বছর সময়ের প্রয়োজন। কিন্তু এর মধ্যে এই রাজনৈতিক পরিস্থিতিতে সব আটকে পড়েছে।

আবাসন খাতে যুক্ত হয়ে আছে দেশের বিরাট কর্মসংস্থান। আবার গৃহায়ণের চাহিদার সঙ্গে আরও বড় কতগুলো শিল্পোৎপাদন সরাসরি সম্পৃক্ত। আবাসন খাতকে প্রকৃত অর্থনীতির সবচেয়ে বড় খাত বলা হয়। চলমান রাজনৈতিক পরিস্থিতিতে আবাসন প্রতিষ্ঠানগুলোর সংগঠন রিহ্যাব তাদের শীতকালীন মেলা বাতিল করতে বাধ্য হয়েছে। মেলাটি হওয়ার কথা ছিল ১৯ থেকে ২৩ ডিসেম্বর। গতবার এ মেলায় ৬০০ কোটি টাকার বেশি ফ্ল্যাট বিক্রি হয়েছিল। গত সপ্তাহে সংবাদ সম্মেলন করে রিহ্যাব জানিয়েছে, বেচাবিক্রি ও টাকা আদায় এখন সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।
সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়া বলেন, ‘বিভিন্ন ব্যাংকে আবাসন খাতের ব্যবসায়ীদের ১৮ হাজার কোটি টাকার ওপরে ঋণ রয়েছে। গত দুই সপ্তাহে রডের দাম প্রতি টনে ছয় হাজার টাকা বেড়েছে। এই টাকা কীভাবে শোধ হবে, জানি না।’

এই খাতের মতো অনেক শিল্পেই ব্যাংকগুলোর ঋণ আটকে পড়েছে। সেপ্টেম্বর ’১২ প্রান্তিকে খেলাপি ঋণ হয়েছে প্রায় ৫৭ হাজার কোটি টাকা বা ১৩ শতাংশ। নতুন ঋণ বিতরণ প্রায় নেই বললেই চলে। বিদেশ থেকে কম সুদে বিপুল পরিমাণ ঋণ এনেছেন ব্যবসায়ীরা। তার ওপর চলমান রাজনৈতিক পরিস্থিতিতে শিল্পপ্রতিষ্ঠানগুলো, বিশেষত পোশাক ও বস্ত্র খাতে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কায় ব্যাংকগুলোকে সুদ, ঋণ ব্লক করাসহ বিভিন্ন ছাড় দিতে হবে। তাতে সেবা খাতেও বড় প্রভাব পড়বে।