শিল্প না গড়লে প্লট বাতিল: শিল্পমন্ত্রী

বিসিকের জামদানি শিল্পনগরে প্লট বরাদ্দ নিয়ে যারা নির্ধারিত সময়ের মধ্যে শিল্প স্থাপন করবে না, তাদের বরাদ্দ বাতিল করা হবে। সেই প্লট নতুন উদ্যোক্তাদের মধ্যে বরাদ্দ দেওয়া হবে।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) আয়োজিত সপ্তাহব্যাপী জামদানি প্রদর্শনী উদ্বোধনকালে আজ বৃহস্পতিবার সকালে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এ কথা বলেন। রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, ঐতিহ্যবাহী জামদানি শিল্পের প্রসারে সরকার নারায়ণগঞ্জের তারাবো ইউনিয়নের নোয়াপাড়ায় ২০ একর জমির ওপর জামদানি শিল্পনগর ও গবেষণাকেন্দ্র স্থাপন করেছে। প্রায় পাঁচ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে স্থাপিত এ শিল্পনগরে ৪০৯টি শিল্প প্লট গড়ে তোলা হয়েছে। এর মধ্যে এ পর্যন্ত ৩৯৯টি প্লট জামদানি শিল্প উদ্যোক্তাদের বরাদ্দ দেওয়া হয়েছে।
শিল্পমন্ত্রী বলেন, দেশের জামদানি শিল্প খাত থেকে বছরে রপ্তানি হয় প্রায় ১ কোটি ৫৮ লাখ ডলারের পণ্য। তিনি দেশীয় জামদানি শিল্পের টেকসই বিকাশে গবেষণা জোরদার করার পরামর্শ দেন।
অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, বাংলাদেশের জামদানি ইতিমধ্যে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। এ নিয়ে ভারতের আপত্তি থাকলেও জামদানি উত্পাদনে গুণগতমানের ক্ষেত্রে তারা বাংলাদেশের সমকক্ষ হতে পারেনি।
সংস্কৃতিমন্ত্রী বলেন, বাংলাদেশের জামদানি কোনো আরোপিত শিল্প নয়। হাজার বছর ধরে বাংলাদেশে জামদানি তৈরি হচ্ছে। একটি বিশেষ জনগোষ্ঠীর শিল্প ভাবনা থেকে জামদানি উঠে এসেছে। তিনি জামদানি শিল্পখাতের গুণগত মানোন্নয়নের লক্ষ্যে বিসিকের নকশাকেন্দ্র এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের কারুশিল্প ফাউন্ডেশনের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্ব দেন।
জাতীয় জাদুঘর মিলনায়তনে সাত দিনের এই প্রদর্শনী প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত ক্রেতা-দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। এর জন্য কোনো প্রবেশমূল্য রাখা হয়নি।
শিল্পসচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিসিকের চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বক্তব্য দেন।