শিল্প নেই, তবু তাবানী বেভারেজের নামে প্লট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সহযোগী প্রতিষ্ঠান তাবানী বেভারেজকে শিল্পকারখানা করার জন্য ১৯৮৬ সালে বগুড়ার বিসিক শিল্পনগরে সাড়ে ১৩ হাজার বর্গফুটের প্লট দেওয়া হয়। ৩০ বছরেও সেখানে কোনো শিল্পকারখানা করতে পারেনি সংস্থাটি।
আবার ২০০৮ সালের ৩১ আগস্ট থেকে তাবানী বেভারেজ কোমল পানীয় কোকা-কোলার উৎপাদন ও বিপণনের সঙ্গে জড়িত নেই। তবু তাদের নামে এই প্লট থাকা নিয়ে প্রশ্ন রয়েছে স্থানীয় উদ্যোক্তাদের মধ্যে। কারণ, খালি প্লট না থাকায় অনেক উদ্যোক্তাই শিল্পকারখানা করতে পারছেন না।
বিসিক সূত্র বলছে, তাবানীর নামে থাকা এই সাড়ে ১৩ হাজার বর্গফুট শিল্পপ্লট বাতিলের জন্য কয়েক বছর ধরে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন (বিসিক), শিল্প এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে চিঠি চালাচালি চলছে।
সূত্রটি বলেছে, ২০১২ সালের ১১ অক্টোবর বগুড়া বিসিকের উপমহাব্যবস্থাপক প্লট বরাদ্দ বাতিলের যৌক্তিকতা তুলে ধরে শিল্প মন্ত্রণালয়কে চিঠি দেয়। তাতে বলা হয়, বগুড়া বিসিকে কোনো খালি প্লট নেই। অথচ নতুন উদ্যোক্তারা প্লটের জন্য আবেদন করছেন। এই অবস্থায় তাবানীর বরাদ্দ বাতিল করে তা আগ্রহী উদ্যোক্তাদের বরাদ্দ দেওয়া যেতে পারে।
জানতে চাইলে বগুড়া বিসিকের উপমহাব্যবস্থাপক আবদুল মজিদ প্রথম আলোকে বলেন, ‘তাবানীর অবশিষ্ট প্লট বাতিলের বিষয়টি এখন সময়ের অপেক্ষায়। যেকোনো সময় ওই প্লট বাতিল করে আগ্রহী শিল্প উদ্যোক্তাদের মাঝে তা নতুন করে বরাদ্দ দেওয়া হবে।’
এ বিষয়ে জানতে চাইলে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠান তাবানী বেভারেজ লিমিটেডের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক কাজী ইকবাল বাহার প্রথম আলোকে বলেন, বগুড়া বিসিক শিল্প এলাকায় তাবানী বেভারেজ যে প্লট বরাদ্দ নিয়েছিল, সেখানে কোমল পানীয় উৎপাদন শুরু করা হয়েছিল। উৎপাদন বন্ধ হয়ে গেলে পরে কারখানাও বিক্রি করে দেওয়া হয়।
কারখানা বিক্রির পর তাবানীর অনুকূলে থাকা সাড়ে ২২ হাজার বর্গফুটের প্লট বাতিল করে বিসিক। অবশিষ্ট সাড়ে ১৩ হাজার বর্গফুটের প্লট বর্তমানে তাবানীর গুদাম হিসেবে ব্যবহৃত হচ্ছে।
প্লট বাতিলের প্রক্রিয়ার ব্যাপারে তাবানীর এ কর্মকর্তা বলেন, বিসিক চাইলেই তাবানীকে দেওয়া শিল্পপ্লট বাতিল করতে পারবে না। প্লট বাতিলের জন্য বিসিক চিঠি দিলেও সিদ্ধান্তের বিষয়টি এখন মন্ত্রণালয় পর্যায়ে রয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, বগুড়া শিল্পনগরে শিল্পকারখানা প্রতিষ্ঠার জন্য তাবানী বেভারেজকে প্রথমে ১৯৮৬ সালের ৩১ ডিসেম্বর সাড়ে ১৩ হাজার বর্গফুট প্লট বরাদ্দ দেওয়া হয়। প্রতিষ্ঠানটিকে ১৯৮৮ সালের ৪ মে সাড়ে চার হাজার এবং ৫ সেপ্টেম্বর আরও ১৮ হাজার বর্গফুটের প্লট বরাদ্দ দেওয়া হয়।
সূত্র বলছে, দীর্ঘদিনেও তাবানী বেভারেজ কারখানা নির্মাণ না করায় ২০০৮ সালের ২১ অক্টোবর বিসিক কর্তৃপক্ষ দ্বিতীয় ও তৃতীয় দফায় বরাদ্দ দেওয়া সাড়ে ২২ হাজার বর্গফুট প্লটের বরাদ্দ বাতিল করে। এই প্লট সাতজন উদ্যোক্তার নামে বরাদ্দ দেওয়া হয়। তাবানীর প্লটটি স্মরণ ইঞ্জিনিয়ারিং, রেজাউল গ্যাস ওয়েল্ডিং, নানজিং অ্যান্ড হায়দার ইঞ্জিনিয়ারিং, সুমন ইঞ্জিনিয়ারিং, নিউ আলিফ ইঞ্জিনিয়ারিং ও হামিদ পলিমারকে বরাদ্দ দেওয়া হয়।
সরেজমিন ঘুরে দেখা গেছে, শিল্পকারখানা চালু না করার ব্যর্থতার কারণে তাবানীর প্লট বাতিল করে যেসব উদ্যোক্তাকে প্লট বরাদ্দ দেওয়া হয়, তাঁরাও এখনো কোনো কারখানা চালু করতে পারেননি। অনেকেই তাঁদের প্লট অন্য উদ্যোক্তার কাছে হস্তান্তর করে দিয়েছেন।
এ বিষয়ে শিল্পনগরের কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন, রেকর্ড অনুযায়ী রেজাউল গ্যাস ওয়েল্ডিং তার প্লটটি সাবা এন্টারপ্রাইজের কাছে হস্তান্তর করেছে। এর বাইরে কেউ প্লট হস্তান্তর করেছে কি না, তা নথিতে উল্লেখ নেই।