শিল্প-বাণিজ্যের অর্থায়ন পুঁজিবাজার থেকে কম হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম বলেছেন, বাংলাদেশের অর্থনীতির আকারের তুলনায় পুঁজিবাজার খুবই নগণ্য। কারণ, শিল্প-বাণিজ্য খাতে অর্থায়নে পুঁজিবাজারকে বেছে নেওয়া হচ্ছে না। অথচ টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য পুঁজিবাজারের বিকাশ জরুরি।
রাজধানীর একটি হোটেলে গতকাল শনিবার অনুষ্ঠিত ‘অর্থনৈতিক প্রতিবেদকদের জন্য আর্থিক বিশ্লেষণ’ শীর্ষক
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জ্জা আজিজ এ কথা বলেন। ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) এবং চার্টার্ড ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট (সিএফএ) সোসাইটি বাংলাদেশ যৌথভাবে কর্মশালাটির আয়োজন করে।
মির্জ্জা আজিজ বলেন, দেশে শিল্প-বাণিজ্যের অর্থায়নে পুঁজিবাজারের অংশ মাত্র ১০ শতাংশ। বাকি ৯০ শতাংশ অর্থায়ন হয় ব্যাংকব্যবস্থা থেকে। বিষয়টি অর্থনীতির জন্য মোটেও স্বাস্থ্যকর নয়।
কেন স্বাস্থ্যকর নয়, তার কারণও ব্যাখ্যা করেন মির্জ্জা আজিজ। বলেন, ব্যাংকগুলো স্বল্প মেয়াদে আমানত নিয়ে দীর্ঘ মেয়াদে বিনিয়োগ করে। এটি খুবই ঝুঁকিপূর্ণ। অথচ উন্নত ও উন্নয়নশীল দেশগুলোতে বিনিয়োগের বড় অংশই আসে পুঁজিবাজার থেকে। বাংলাদেশেও বিনিয়োগের বড় উৎস হতে পারে পুঁজিবাজার।
সাবেক এই অর্থ উপদেষ্টা পুঁজিবাজারের বর্তমান দিকটিও তুলে ধরেন অর্থনৈতিক প্রতিবেদকদের কাছে। বলেন, তালিকাভুক্ত অনেক কোম্পানির অর্জন তেমন ভালো নয়। হয় কোম্পানিগুলো মুনাফা করতে ব্যর্থ হচ্ছে, অথবা এদের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বা উদ্যোক্তারা কোম্পানিকে লোকসানি দেখিয়ে টাকা সরিয়ে নিচ্ছে।
মির্জ্জা আজিজ বলেন, মানবসম্পদের তেমন উন্নয়ন হচ্ছে না দেশে। এশিয়ার ১২টি দেশের মধ্যে মাধ্যমিক শিক্ষা অর্জনে পাকিস্তান ছাড়া সব দেশ থেকে পিছিয়ে বাংলাদেশ। অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারাকে আরও টেকসই করতে মানবসম্পদ উন্নয়নে আরও মনোযোগ দিতে হবে।