শিল্প বিকাশ, কৃষিঋণ ও অর্থ পাচার রোধে জনসচেতনতা বৃদ্ধির প্রয়াস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্প বিকাশ, অর্থ পাচার রোধ এবং কৃষিঋণ বিতরণে জনসচেতনতা বাড়াতে ব্যতিক্রমী এক উদ্যোগ হাতে নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। উদ্যোগটির নাম ‘রোড শো: টেকনাফ থেকে তেঁতুলিয়া’। কেন্দ্রীয় ব্যাংক এ উদ্যোগ সফল করতে সপ্তাহব্যাপী এক কর্মসূচি আয়োজনের পরিকল্পনা করেছে।এ বছর স্বাধীনতা দিবসে (২৬ মার্চ) কক্সবাজারের টেকনাফে শুরু হওয়া এ কর্মসূচি ২ এপ্রিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গিয়ে শেষ হবে। প্রধান অতিথি হিসেবে কর্মসূচি উদ্বোধন করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। জানা গেছে, চারটি বিষয়ে সচেতনতা বাড়ানোর উদ্দেশ্য নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের এ আয়োজন। এগুলো হচ্ছে ক্ষুদ্র ও মাঝারি পর্যায়ের (এসএমই) শিল্পে অর্থায়ন, কৃষিঋণ বিতরণ, মানি লন্ডারিং প্রতিরোধ এবং অবৈধ হুন্ডির পরিবর্তে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স (প্রবাসী আয়) পাঠানো। রোড শো নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের মানি লন্ডারিং প্রতিরোধ বিভাগ ইতিমধ্যে একটি ধারণাপত্র তৈরি করেছে। ধারণাপত্রে বলা হয়েছে, দেশের অর্থনীতি বিকাশে এসএমইতে অর্থায়ন গুরুত্বপূর্ণ সহায়ক অনুঘটক। এসএমই খাতের বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করার উপায় জানিয়ে এ খাতে বিনিয়োগে সম্ভাব্য উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করা হবে রোড শোতে।আবার বাংলাদেশ ব্যাংক মনে করে, মানি লন্ডারিং হলো এসএমই খাত বিকাশের জন্য হুমকিস্বরূপ। কারণ, মানি লন্ডারিংয়ের সঙ্গে যারা যুক্ত, মুনাফা অর্জন তাদের উদ্দেশ্য নয়। সে কারণেই তারা বাজারমূল্যের চেয়ে কমমূল্যে পণ্য বিক্রি করে। ফলে প্রকৃত উত্পাদকেরা প্রতিযোগিতায় টিকতে পারে না এবং অর্থনীতির ভিত্তি দুর্বল হয়ে পড়ে।বাংলাদেশ ব্যাংক বলছে, কৃষিনির্ভর বাংলাদেশের কৃষকদের মধ্যে উল্লেখযোগ্য অংশ ভূমিহীন ও প্রান্তিক চাষি। সহজ শর্তে কৃষিঋণ কীভাবে পাওয়া যায়, কোন কোন ব্যাংক কৃষিঋণ দেয়, কৃষিঋণ বিতরণে বাংলাদেশ ব্যাংকেরই বা কী উদ্যোগ রয়েছে ইত্যাদি সম্পর্কে কৃষকদের তেমন ধারণা নেই। রোড শোতে এসব তথ্য জানিয়ে কৃষকদের সঙ্গে মতবিনিময় করা হবে। ধারণাপত্রে আরও বলা হয়েছে, জাতীয় স্বার্থেই আর্থিক খাতে শৃঙ্খলা বজায় রাখা জরুরি। এ জন্য মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ করতে হবে। এ বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা বাড়ানো দরকার বলে মনে করে বাংলাদেশ ব্যাংক।বিদেশ থেকে অবৈধ চ্যানেল অর্থাত্ হুন্ডির মাধ্যমে অর্থ পাঠানো কিছুটা কমলেও এই প্রবণতা এখনো রয়ে গেছে বলে মনে করে বাংলাদেশ ব্যাংক। তাই তারা জনগণকে জানাতে চায় বৈধ উপায়ে অর্থ পাঠানোর উপায় এবং এতে প্রেরণকারী কী সুবিধা পাবে।জানা গেছে, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত অনুষ্ঠেয় রোড শোতে ১৩টি গুরুত্বপূর্ণ স্থানে ১৩টি বাণিজ্যিক ব্যাংককে প্রধান ব্যাংক মনোনীত করেছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকগুলো হচ্ছে এবি, এনসিসি, ন্যাশনাল, প্রাইম, বিকেবি, ওয়ান, স্ট্যান্ডার্ড চার্টার্ড, সোনালী, যমুনা, উত্তরা, ইসলামী এবং ব্র্যাক ব্যাংক লিমিটেড। রোড শোর স্থানগুলো হচ্ছে টেকনাফ, কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও তেঁতুলিয়া।যোগাযোগ করলে কেন্দ্রীয় ব্যাংকের মানি লন্ডারিং প্রতিরোধ বিভাগের মহাব্যবস্থাপক মাহফুজুর রহমান প্রথম আলোকে জানান, ‘বাংলাদেশ সম্ভাবনাময় উন্নয়নশীল দেশ। কিন্তু না জানার কারণে এ দেশের মানুষ অনেক সুযোগ থেকে বঞ্চিত থাকেন। আমাদের উদ্দেশ্য হচ্ছে চারটি বিষয়ে জনসচেতনতা বাড়ানো।’