শিল্প মন্ত্রণালয়কে ১৮৪৪ কোটি টাকা বরাদ্দ
বাজেটে শিল্প মন্ত্রণালয়ের জন্য এক হাজার ৮৪৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। খবর বাসসের। এর মধ্যে অনুন্নয়ন খাতে ১০৭ কোটি ও উন্নয়ন খাতে এক হাজার ৭৩৭ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। ২০১২-১৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিল্প মন্ত্রণালয়ের জন্য যেসব কর্মসূচি নেওয়া হলো: ক. চামড়াশিল্প নগর ঢাকা থেকে সাভারে স্থানান্তর, খ. ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে দেশব্যাপী এসএমই জরিপ করা, গ. অ্যাকটিভ ফার্মাসিউটিক্যালস ইনগ্রেডিয়েন্ট (এপিআই) শিল্পপার্ক স্থাপন, ঘ. বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রের (বিটাক) কার্যক্রম দেশের উত্তরাঞ্চলে জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়ার প্রকল্প বাস্তবায়ন, ঙ. বিটাকের মাধ্যমে ৯ হাজার ৯০০ জন দরিদ্র মহিলা ও পুরুষকে হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান, চ. ভেজালমুক্ত পণ্য উৎপাদনে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) কার্যক্রম জোরদারকরণ, ছ. ছোট ও মাঝারি শিল্পকারখানার উপযোগী বয়লার প্রস্তুতকরণ, জ. শাহজালাল সার কারখানা স্থাপন, ঝ. কুমিল্লা, মিরসরাই, সিরাজগঞ্জ ও গোপালগঞ্জে শিল্পপার্ক স্থাপন, ঞ. বেনারসি ও কুমারখালী তাঁতশিল্পের উন্নয়ন এবং ট. ভোজ্যতেলের সঙ্গে ভিটামিন-এ মিশ্রণের মাধ্যমে ভিটামিন-এ ঘাটতি দূরীকরণ।