শিল্প সংগ্রহের বাজারও চীনের দখলে !
অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে কি শিল্পকলা-সাহিত্যপ্রীতির কোনও যোগ আছে? নয়ত, ছয় দশক আগে যে দেশটির মানুষ তাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয়তা মেটাতেই বেশি সময় ব্যয় করত, তাঁরা কেন এখন শিল্প-সাহিত্যচর্চাকে নিজেদের জীবনের একটি অংশে পরিণত করেছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি চীন এখন শিল্পকলার একটি বড় বাজারে পরিণত হয়েছে। অর্থনৈতিক সমৃদ্ধির সঙ্গে যে শিল্পচর্চার গভীর যোগ রয়েছে-এর বড় প্রমাণতো চীনই।এইতো কিছুদিন আগেই ব্রিটেন ছিল বিভিন্ন চিত্রশিল্প, ঐতিহাসিক স্যুভেনিয়ার, দুর্লভ ও প্রাচীন দ্রবাদির দ্বিতীয় বৃহত্তম বাজার। যুক্তরাষ্ট্র এই বাজারের শীর্ষস্থানটি দখল করে রেখেছে বহুকাল ধরেই। কিন্তু এশিয়ার একসময়ের ‘দরিদ্র’ চীন যে কোনও একদিন এই বাজারের একটি বড় ‘খেলোয়াড়ে’ পরিণত হবে-তা কি দশবছর আগেও কেউ ভাবতে পেরেছিল? সম্প্রতি দ্য ইউরোপিয়ান আর্ট ফাউন্ডেশনের (টিইএফএএফ) এক জরিপ অনুযায়ী চীন এখন এই বাজারে ব্রিটেনকে পেছনে ফেলেছে। চীনে এখন পাবলো পিকাসোর দুর্লভ চিত্র শিল্প থেকে শুরু করে এলভিস প্রিসলির সংগীত জীবনের শুরুর দিকের রেকর্ডও চীনে এখন নিলামে উঠছে দেদারসে।বিষয়টি আলোচনার বিষয়ে পরিণত হয়েছে বিশ্বময়। আগেই বলা হয়েছে, যে দেশটি ৬০ বছর আগেও দৈনন্দিন অর্থনৈতিক কর্মকাণ্ড সমাধা করতেই বেশি সময় ব্যয় করত, তারা এখন দামী চিত্র শিল্পের বড় বাজার। এর নেপথ্যে কারণও বেরিয়ে এসেছে বিভিন্ন আলোচনায়, বিভিন্ন গবেষণায়। চীনে এই মুহূর্তে মানুষের মোট আয় বেড়েছে, দশগুণ। দেশটিতে বিলিয়নীয়রের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। মধ্য তিরিশ বছর বয়সেই মিলিয়নীয়র হয়ে যাওয়া জনগোষ্ঠীর সংখ্যা প্রায় দশ লাখ। চীনে মানুষের হাতে অলস হয়ে পড়ে থাকা অর্থের পরিমাণ এত বেড়ে গেছে যে তারা এখন পাগলের মতো ছুটছে, নিজেদের বিভিন্ন শখ মেটানোর লক্ষ্যে-যে কারণে, শিল্প-বাজারে চীন উঠে গেছে অন্য এক উচ্চতায়। শিল্প-কলা বিনিয়োগ প্রতিষ্ঠান আর্টভেস্ট পার্টনার্স-এর কর্মকর্তা জেফ রবিন বলেন, ‘চীনে অলস অর্থ ব্যাপকভাবে শিল্প-কলায় বিনিয়োগ হচ্ছে।’ তিনি আরও বলেন, শেয়ারবাজার ও অন্যান্য আর্থিক বিনিয়োগ দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে ওঠার কারণে, মানুষ এখন শিল্পকলার বিভিন্ন দুর্লভ উপকরণে অর্থ বিনিয়োগ করছে। জেফ রবিনের মন্তব্য থেকে বোঝা যাচ্ছে ‘বাণিজ্যচিন্তা’য় অদ্বিতীয় চীনারা এখন শিল্পকলার পেছনে অর্থ খরচকে একটি বিনিয়োগ হিসেবেই দেখছে। তারমানে কি শিল্পের প্রতি অনুরাগ এখানে গৌন? বাণিজ্যচিন্তা যে এখানে মূল তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে কেবলমাত্র চীনেই একটি নিলাম প্রতিষ্ঠানের অংশীদারিত্ব ৯৫ থেকে বেড়ে ১৩০-এ দাঁড়িয়েছে। এর বেশিরভাগ অংশীদারই জাতিতে চৈনিক। চীনের শিল্পকলার বাজারের আরও একটি দিক তুলে ধরেছেন জেফ রবিন। তিনি বলেছেন, চীনে আসলে যাঁরা সত্যিকার অর্থেই শিল্প-কলা বোঝেন-তাঁদের আসলে এসব দুর্লভ শিল্প সামগ্রী নিলামে কিনে নেওয়ার অর্থনৈতিক সংগতি নেই। পিকাসোর চিত্র শিল্পই বলুন আর এলভিস প্রিসলির রেকর্ডই বলুন, অর্থের জোরে যেসব চীনাদের হাতে চলে যাচ্ছে, তাঁদের সত্যিকার অর্থেই এসব নিয়ে জ্ঞান-গরীমার মাত্রাটা অনেক কম। তাঁরা বিনিয়োগ কিংবা নিদেনপক্ষে ‘অর্থ খরচের ক্ষেত্র’ হিসেবেই এসব সামগ্রী কিনে নিজের সংগ্রহ সমৃদ্ধ করছেন। শিল্পের প্রতি অনুরাগের চেয়ে এখানে ‘লোক দেখানো’ কিংবা ‘ভবিষ্যতের ব্যবসা সামগ্রী’ হিসেবেই এগুলো কিনছেন ওইসব নব্যধনী চীনারা।পশ্চিমা বিশ্বও এই ব্যাপারটি নিয়ে চিন্তিত। শিল্প-সাহিত্য ও এসবের সংগ্রহ নিয়ে যেসব দেশগুলোর এতদিনের গর্ব ছিল, তাঁরাই পদে পদে পরাজিত চীনের কাছে। পুরো ব্যাপারটিই অর্থনৈতিক। তাঁদের চিন্তার কারণ, প্রতিনিয়ত অর্থনৈতিক ডামাডোলের মধ্যে চীনের সঙ্গে সক্ষমতায় পিছিয়ে পড়া পশ্চিমা বিশ্বের সব কিছু না হাতছাড়া হয়ে যায় চীনের দুরন্ত ‘বাণিজ্য চিন্তার’ কাছে।চীনের কাছে পশ্চিমা বিশ্ব তাহলে আরও একটি ফ্রন্টে পরাজয়ের পথে !