শিল্প স্থাপনে মেয়াদি ঋণ বিতরণ কমেছে
শিল্প স্থাপন বা সম্প্রসারণে উদ্যোক্তা ও ব্যবসায়ীরা কম আগ্রহ দেখাচ্ছেন। ফলে শিল্পের জন্য মেয়াদি ঋণ বিতরণ কমে গেছে। তবে সামগ্রিকভাবে শিল্প খাতে মোট জোগান দেওয়া অর্থের পরিমাণ কিছুটা বেড়েছে। চলতি মূলধন বৃদ্ধি পাওয়ায় এই সামগ্রিক শিল্প খাতে ঋণ বিতরণ বেশি হওয়ার কারণ।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রস্তুতকৃত এক প্রতিবেদন তথ্যে দেখা যায়, চলতি ২০১৩-১৪ অর্থবছরের ৯ মাসে (জুলাই-মার্চ) মেয়াদি ঋণ বিতরণ হয়েছে ৩০ হাজার ৮৪৯ কোটি টাকা। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এটি কমেছে এক হাজার ১৬৬ কোটি টাকা বা ৩ দশমিক ৬৪ শতাংশ।
অবকাঠামো বিশেষত বিদ্যুৎ–সংকট, অপ্রতুল যোগাযোগ এবং শিল্প স্থাপনের জন্য প্রয়োজনীয় জমির অভাবে এ অবস্থা তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর সঙ্গে গত বছরের শেষভাবে বিএনপি-জামায়াতের রাজনৈতিক আন্দোলন, ভয়াবহ সহিংস পরিস্থিতিতেও নতুন বিনিয়োগ বাধাগ্রস্ত হয়েছে। যেকারণেও শিল্পের মেয়াদি ঋণ কমেছে বলে ধারণা করা হচ্ছে।
দেশের সবচেয়ে গতিশীল ও বড় বিনিয়োগের খাত প্রাথমিক বস্ত্র খাতেও এ সময় বিনিয়োগ বেশ কমেছে বলে জানান বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি জাহাঙ্গীর আলামিন৷ তিনি প্রথম আলোকে বলেন, শিল্প বিনিয়োগ কমে যাওয়ার প্রধান কারণ হচ্ছে অবকাঠামোগত সমস্যা। আবার অর্থায়নও একটা বড় সমস্যা হিসেবে রয়েছে। পুঁজিবাজার থেকে সাম্প্রতিক সময়ে শিল্পের জন্য কিছু অর্থ এসেছে কোনো কোনো ক্ষেত্রে, কিন্তু তা শিল্পের জন্য তত বেশি নয়। আর ব্যাংকঋণের সুদের হার বেশি থাকায় সেখান থেকে অর্থ নিয়ে বিনিয়োগ তত হচ্ছে না।
তবে আলোচ্য সময়ে সামগ্রিকভাবে শিল্প খাতে এক লাখ ২২ হাজার ৩৫৭ কোটি টাকার ঋণ বিতরণ হয়েছে। এটি আগের বছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক ১৪ শতাংশ বেশি।
বলা হচ্ছে, রাজনৈতিক অস্থিরতা এখন না থাকলেও বিগত অক্টোবর-জানুয়ারি সময়ের যে সহিংস পরিস্থিতি তৈরি হয়েছিল, তা থেকে এখনো স্বাভাবিক অবস্থায় ফিরে আসেনি ব্যাংকগুলো।
বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা অবশ্য বলেন, বিদেশ থেকে বেশ কিছু বায়ার্স ক্রেডিট এসেছে৷ তাই শিল্প খাতে মূলধিন যন্ত্রপাতি আমদানি বেড়েেছ৷ ফলে মেয়াদি শিল্পঋণ বিতরণের সঙ্গে এই বিদেশি ঋণও বিবেচনায় নিতে হবে৷
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা যায়, শিল্প খাতে রাষ্ট্রীয় মালিকানাধীন চার বাণিজ্যিক ব্যাংক দুই হাজার ৭৩১ কোটি টাকা বিতরণ করেছে, যার মধ্যে মেয়াদি ঋণ এক হাজার ১৩ কোটি টাকা।
মেয়াদি শিল্পঋণ
(জুলাই–মার্চ; কোটি টাকায়)
সাল ঋণ
২০১১–১২ ৩২,০১৫
২০১২–১৩ ৩০,৮৪৯