গ্যাসসংকটের কারণে টাঙ্গাইলের মির্জাপুর ও গাজীপুরের কালিয়াকৈর উপজেলার প্রায় অর্ধশত শিল্পকারখানা বন্ধ হতে বসেছে। চাহিদামতো গ্যাস না পাওয়ায় প্রতিদিন এসব কারখানায় প্রায় ছয় কোটি টাকার লোকসান গুনতে হচ্ছে। মির্জাপুর-কালিয়াকৈর ইন্ডাস্ট্রিয়াল ফোরামের সূত্রে এসব তথ্য জানা গেছে। ফোরামের আহ্বায়ক ও মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলে অবস্থিত উত্তরা গ্রুপ ইন্ডাস্ট্রিজের মহাব্যবস্থাপক বিধান সরকার ইতিমধ্যে গ্যাসসংকটের বিষয়টি তুলে ধরে তিতাস গ্যাস কর্তৃপক্ষের কাছে একটি চিঠি দিয়েছেন। কারখানার কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, বিদ্যুৎসংকটের কারণে এ শিল্পাঞ্চলের অধিকাংশই গ্যাস জেনারেটরের ওপর নির্ভরশীল। কিন্তু সম্প্রতি গ্যাসের চাপ কমে যাওয়ায় অনেক কারখানায় বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে না। জানা গেছে, মির্জাপুর ও কালিয়াকৈরের চন্দ্রা পর্যন্ত কারখানাগুলোয় প্রতিদিন প্রায় পাঁচ লাখ ২৭ হাজার ঘনমিটার গ্যাসের দরকার হয়। অথচ বর্তমানে মাত্র এক লাখ ২১ হাজার ঘনমিটার গ্যাস সরবরাহ করা হচ্ছে। গ্যাসের এই সংকট নিরসন না করা হয়ে এই শিল্পাঞ্চলে বিনিয়োগকৃত প্রায় পাঁচ হাজার কোটি টাকা অব্যবহূত থেকে যাবে বলে কারখানার কর্মকর্তারা দাবি করেছেন। এই শিল্পাঞ্চল এলাকায় দেশের স্বনামধন্য ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালসের কারখানা ও দেশের একমাত্র টায়ার টিউব রপ্তানিকারক প্রতিষ্ঠানের কারখানাও রয়েছে। এ দুটি প্রতিষ্ঠানের পাশাপাশি বেশ কয়েকটি বড় ধরনের পোশাক ও সাইকেল নির্মাণ কারখানা রয়েছে এখানে। গ্যাসসংকট নিরসনে কারখানার মালিকেরা মির্জাপুরের সাংসদ আলহাজ একাব্বর হোসেন ও কালিয়াকৈরের সাংসদ আ ক ম মোজাম্মেল হকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছেন। কালিয়াকৈর-মির্জাপুর ইন্ডাস্ট্রিয়াল ফোরামের আহ্বায়ক বিধান সরকার বলেন, যমুনা সার কারখানা চালুর পর থেকে অতিমাত্রায় গ্যাসসংকটের কথা কাউকে বলে লাভ হচ্ছে না। অথচ সরকার বিদ্যুৎ না দিতে পারায় আমাদের গ্যাস জেনারেটর চালুর পরামর্শ দেওয়া হয়েছিল। নাহিদ কটন মিলের মহাব্যবস্থাপক (জিএম) শহিদুল ইসলাম বলেন, গ্যাসসংকটের কারণে আমাদের কারখানায় উৎপাদন বন্ধ হতে যাছে। তিতাস গ্যাসের টাঙ্গাইলের ব্যবস্থাপক কাজী মো. আমিন বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী যমুনা সার কারখানা চালু হয়েছে। ওই কারখানা চালুর পর থেকে এ এলাকায় গ্যাসের কিছুটা সংকট দেখা দিয়েছে। তবে তা দ্রুত নিরসনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চেষ্টা চালিয়ে যাচ্ছে।