শিল্পকারখানাগুলো গ্যাসের অবৈধ সংযোগ নিচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে গত এক বছরের বেশি সময় ধরে গ্যাসের সব ধরনের বৈধ সংযোগ বন্ধ রয়েছে। এই সময়ে শিল্পকারখানাগুলোয় অবৈধ সংযোগের প্রবণতাও বেড়ে গেছে বলে জানিয়েছেন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তারা।গত এক মাসের অভিযানে কর্ণফুলী গ্যাস কোম্পানি এ ধরনের অন্তত ১৫টি সংযোগ বিচ্ছিন্ন করেছে, সেই সঙ্গে এসব প্রতিষ্ঠানকে দুই কোটি টাকারও বেশি জরিমানা করেছে।এসব প্রতিষ্ঠানের মধ্যে আছে: রহমান অ্যালুমিনিয়াম প্রোডাক্টস, মোস্তফা সিএনজি, একেএস সল্ট, লিজ ওয়াশিং ইন্ডাস্ট্রিজ, একে ফ্রাইড রাইস, এহসান স্টিল, সালেহ স্টিল ইন্ডাস্ট্রিজ, কনফিডেন্স সল্ট, এমপি স্পিনিং মিল, চিশতিয়া সিএনজি ও রতনপুর স্টিল রি-রোলিং মিলস (আরএসআরএম)। কর্ণফুলী গ্যাস কোম্পানি সূত্রে এ তথ্য পাওয়া গেছে।কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ছানোয়ার হোসেন চৌধুরী এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, এসব প্রতিষ্ঠানে অবৈধভাবে গ্যাসের সংযোগ দেওয়ার লক্ষ্যে মিটার বাইপাস করা হয়। কোনো কোনোটিতে মিটার ভাঙাও হয়। অভিযানের সময় এসব ত্রুটি ধরা পড়ে। চট্টগ্রামের পটিয়া, বোয়ালখালী, বায়েজিদ বোস্তামী এলাকা ও সীতাকুণ্ডে এসব অভিযান চালানো হয়। এ সম্পর্কে সালেহ স্টিল ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক ইকবাল বলেন, চট্টগ্রামে ইস্পাতশিল্পে ছোট কারখানাগুলোর বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি শুরু হয়েছে। এ জন্য এ ধরনের ঘটনা ঘটছে।তাঁর প্রতিষ্ঠানের একটি সংযোগ বিচ্ছিন্ন জানিয়ে তিনি বলেন, তাঁদের শিল্পকারখানায় বর্তমানে উৎপাদন স্বাভাবিক রয়েছে। ব্যবসায়ী শিল্পপতিদের সঙ্গে কথা বলে জানা যায়, চট্টগ্রামের শিল্পকারখানা ও আবাসিক এলাকায় গ্যাসের সংযোগ সহজ করতে বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেডকে ভেঙে কর্ণফুলী গ্যাস কোম্পানি গঠনের দাবি ওঠে। গত এপ্রিল থেকে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি কাজও শুরু করে। কিন্তু জুলাই মাসে পেট্রোবাংলা থেকে এক আদেশে সব ধরনের আবাসিক, বাণিজ্যিক ও শিল্পকারখানায় গ্যাসের সংযোগ ও পুনরায় সংযোগ বন্ধ রাখতে বলা হয়। একাধিক ব্যবসায়ী বলেন, বৈধ সংযোগ না পাওয়ায় অবৈধ সংযোগের প্রবণতা বেড়ে গেছে। অনেকে বিনিয়োগ করে মাসের পর মাস বসে আছেন, কিন্তু ব্যাংকঋণের কারণে তাদের ঠিকই সুদ পরিশোধ করতে হচ্ছে। বিজিএমইএর প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, সরকার বিনিয়োগের অনুমতি দিয়েছে, কিন্তু গ্যাস ও বিদ্যুতের সংযোগ দিচ্ছে না। এ ক্ষেত্রে ব্যাংকের কাছে দেউলিয়া না হওয়ার জন্য কিংবা লোকসানের পরিমাণ কমাতে অনেকেই হয়তো ভিন্ন পথ খুঁজে নিচ্ছেন।এটাকে অবৈধ বলার সুযোগ নেই বলেও তিনি মন্তব্য করেন।