শিল্পকারখানাগুলোয় রাতে বিদ্যুৎ সরবরাহ করুন: এফবিসিসিআই
দেশে বিনিয়োগ ও উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে রাতের বেলায় শিল্পকারখানায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।সংগঠনটি বলছে, পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ না থাকায় এমনিতেই দেশের শিল্পকারখানাগুলোতে উৎপাদন ব্যাহত হচ্ছে। তার ওপর রাতের বেলায় যদি বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়, তাহলে শিল্পকারখানার উৎপাদনব্যবস্থা সম্পূর্ণভাবে বিপর্যপ্ত হবে।এফবিসিসিআই থেকে গতকাল রোববার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।গত ২১ মার্চ বিদ্যুৎ মন্ত্রণালয় এ বছরের বোরো ফসলের সেচ মৌসুম শেষ না হওয়া (মে মাস) পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে সকাল ছয়টা পর্যন্ত কলকারখানা বন্ধের সিদ্ধান্ত নেয়। ওই সময় শিল্পকারখানায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।এফবিসিসিআই মনে করে, দেশে বিনিয়োগ ও উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখতে হলে সব ধরনের শিল্পকারখানায় পর্যাপ্ত বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করা জরুরি। সে কারণে এবং কর্মসংস্থানের বিষয়টি মাথায় রেখে রাতে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করা প্রয়োজন।এফবিসিসিআই জানায়, বর্তমানে বিদুৎ বিভ্রাটের কারণে দিনের বেলায়ও শিল্পকারখানাগুলো চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না। তা ছাড়া দেশের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে তিন শিফটে উৎপাদনকাজ চালানোর সক্ষমতা রয়েছে এবং সে অনুযায়ী এসব প্রতিষ্ঠানে শ্রমিক-কর্মচারীও নিয়োজিত আছে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হলে এসব শিল্পকারখানায় উৎপাদন বন্ধ থাকবে এবং প্রতিষ্ঠানগুলোর আর্থিক ক্ষতির পাশাপাশি অনেক শ্রমিক হারাবেন চাকরি। দেশের ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠন বলছে, এমনিতেই দেশের শিল্পকারখানাগুলোকে তীব্র আন্তর্জাতিক প্রতিযোগিতা মোকাবিলা করে টিকে থাকতে হচ্ছে। তার ওপর উৎপাদন বাধাগ্রস্ত হলে পণ্য সরবরাহ এবং রপ্তানি কার্যক্রমেও বিঘ্ন ঘটবে। এসব বিষয় জাতীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে।বিদ্যুৎ ঘাটতি মোকাবিলায় শুধু শিল্পপ্রতিষ্ঠানগুলোকে ক্ষতিগ্রস্ত না করে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে সবার জন্য সমভাবে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা গ্রহণের প্রস্তাব করেছে এফবিসিসিআই।