শিল্পকারখানায় প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সব শিল্পকারখানায় প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ হতে যাচ্ছে। এ বিধান রেখে একটি পরিপত্র জারি করবে শিল্প মন্ত্রণালয়।
পরিপত্রে শিল্পকারখানার যেখানে-সেখানে ধূমপান নিষিদ্ধ করে ধূমপায়ীদের জন্য বাধ্যতামূলকভাবে একটি আলাদা কক্ষ স্থাপনের নির্দেশনাও থাকবে।
আমরা ধূমপান নিবারণ করি (আধূনিক) এবং ধূমপান, মাদক ও সন্ত্রাসবিরোধী জোটের (ক্যাট) দাবির পরিপ্রেক্ষিতে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এ তথ্য জানান। সংগঠন দুটির যৌথ প্রতিনিধি দলের সদস্যরা গতকাল মঙ্গলবার শিল্প মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।
শিল্প মন্ত্রণালেয়র পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ সম্পর্কে বলা হয়েছে, বৈঠকে প্রতিনিধি দলটি শিল্পমন্ত্রীকে জানান যে তামাক চাষের কারণে চাষিদের স্বাস্থ্যগত ঝুঁকি বৃদ্ধির পাশাপাশি বহু আবাদি জমি উর্বরতা হারাচ্ছে। সে জন্য তাঁরা তামাক চাষের পরিবর্তে বিকল্প অর্থকরী ফসল উৎপাদনে চাষিদের উদ্বুদ্ধ করতে সরকারের সহায়তা কামনা করেন।
একই সঙ্গে প্রতিনিধি দল তামাকজাত পণ্য আমদানিতে উচ্চহারে শুল্ক আরোপেরও পরামর্শ দেন। জবাবে শিল্পমন্ত্রী জাতীয় স্বার্থে তামাকজাত দ্রব্য আমদানিতে উচ্চহারে শুল্কারোপের বিষয়টি বিবেচনার আশ্বাস দেন। তিনি বলেন, ইতিমধ্যে পাবলিক প্লেস ও গণপরিবহনে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
বৈঠকে আধূনিকের সভাপতি আমানুল্লাহ খান, আধূনিকের নির্বাহী সচিব এম এ জব্বার, ক্যাটের সভাপতি আলী নিয়ামত প্রমুখ উপস্থিত ছিলেন।